চীনের শিনজিয়াংয়ে পুলিশের গুলিতে নিহত ৬
চীনের শিনজিয়াং অঞ্চলে বোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টাকালে ছয় “দাঙ্গাবাজ” পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
সোমবার এক লাইনের এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
কাশগড় জেলার শুলেতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শিনজিয়াংয়ের স্থানীয় অনলাইন সংবাদপত্র তিয়ানশান নেট।
কয়েক বছর ধরে শিনজিয়াংয়ে তুর্কিভাষী স্থানীয় মুসলিম উইগুর সম্প্রদায়ের সঙ্গে চীনা হান অধিবাসীদের বিরোধ চলছে।
এই বিরোধকে কেন্দ্র করে ২০১৪ সাল জুড়ে অঞ্চলটিতে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে।
পূর্ব তুর্কিস্তান নামে উইগুর’রা একটি স্বাধীন রাষ্ট্র স্থাপনের লক্ষ্যে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা শুরু করেছে বলে অভিযোগ করেছে চীন।
বিচ্ছিন্নতাবাদ দমনে অঞ্চলটির উপর ব্যাপক নিয়ন্ত্রণ আরোপ করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বেইজিং।
