প্যারিস ঘিরে বাড়তি সেনা মোতায়েন
ভয়াবহ সন্ত্রাসী হামলার পর প্যারিস ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেখানে নতুন করে আরো অন্তত ৫শ’ সেনা মোতায়েন করা হয়েছে।
ফ্রান্সের রাজধানীতে বুধবার, বৃহস্পতি ও শুক্রবারের সন্ত্রাসী হামলায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। হত্যা করা হয়েছে তিন অস্ত্রধারীকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসি’কে বলেন, দেশের সুরক্ষার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। “নিহত তিন সন্ত্রাসীর আর কোন সহযোগী আছে কিনা তা তদন্ত করে দেখছে ফ্রান্স পুলিশ।”
নিহতদের স্মরণে রোববার ফ্রান্সে মৌন মিছিল হয়েছে। মিছিলে বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নেতারাসহ হাজার হাজার সাধারন মানুষ অংশ নিয়েছেন।
দেশ এখনো হুমকির মুখে রয়েছে বলে জনগণকে সতর্ক করে দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ টেলিভিশনে এক ভাষণে বলেন, “আমদের সতর্ক থাকতে হবে। আমি সেইসঙ্গে আপনাদের একতাবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি….. এটাই আমাদের প্রধান অস্ত্র।”
শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগামী কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি থাকবে।”
নিহতদের স্মরণে রোববারের মিছিলে কড়া নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু, স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিয়ান রাজয় এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অংশ নিয়েছেন।
ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভাইস বলেন, “ফ্রান্স দেশের শত্রুদের বিরুদ্ধে কঠোর হবে এবং তাদের কোন ধরনের করুণা করা হবে না।”
তিনি দেশের জনগণকে নিজ নিজ দায়িত্বের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
সন্ত্রাসী হামলার শুরু হয় বুধবার । ওই দিন দুই ভাই শেরিফ কোয়াশি ও সাঈদ কোয়াশি অস্ত্র হাতে বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুর কার্যালয়ে ঢুকে পড়ে এবং ১২ জনকে গুলি করে হত্যা করে। এ দিন আরো ১১ জন আহত হন।
শুক্রবার এই দুই ভাইকে প্যারিস থেকে ৩৫ কিলোমিটার উত্তরে দামার্তাঁ-অঁ-গুলুর এলাকায় হত্যা করে পুলিশ। ওই সময় তারা একটি প্রিন্টিং ওয়্যারহাউসে একজনকে জিম্মি করেছিল, যাকে পুলিশ জীবিত উদ্ধার করেছে।
একই দিন ইহুদি মালিকানাধীন একটি সুপারমার্কেটে আমেদি কুলিবালি নামে অন্য একজন অস্ত্রধারী কয়েকজনকে জিম্মি করে।
পুলিশ কুলিবালিকে হত্যা করে ১৫ জন জিম্মিকে জীবিত উদ্ধার করে। ঘটনাস্থলে চারজন জিম্মির মৃতদেহ খুঁজে পাওয়া যায়।
পুলিশ হায়াত বোউমেদ্দিন নামে অন্য একজন নারীকে খুঁজছে। বৃহস্পতিবার কুলিবালি একজন নারী পুলিশকে গুলি করে হত্যা করে। ওই সময় বোউমেদ্দিন তার সঙ্গে ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বোউমেদ্দিনকে ‘অস্ত্রধারী ও ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে। ফ্রান্সের প্রধান কৌঁসুলি ফ্রাঁসয়া মলিস বিবিসি’কে বলেন, তিন জঙ্গিকে হত্যা করার পর কর্তৃপক্ষ এখন বোউমেদ্দিনকে খোঁজ করছে। সন্দেহ করা হচ্ছে, প্যারিসে নারী পুলিশকে হত্যা করার সময় সে কুলিবালির সঙ্গে ছিল।
এছাড়া সন্ত্রাসীরা কোথা থেকে অর্থ পেয়েছে, কে বা কারা তাদের হামলার বিষয়ে পরমর্শ বা সাহায্য দিয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।
এ হামলার সঙ্গে ফ্রান্স বা বাইরের কোন ব্যক্তি বা সংগঠন কোন ভাবে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মলিস। এ ঘটনায় এখন পর্যনত জিজ্ঞাসাবাদের জন্য ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কোয়াশি ভাইদের কোন একজনের স্ত্রীও রয়েছেন।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, তারা কুলিবালি ও কোয়াশি ভাইদের সম্পর্কে জানতেন। ২০১১ সালে সাঈদ কোয়াশি যে ইয়েমেনে গিয়েছিলেন সেই খবরও তাদের কাছে ছিল।
দুই ভাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নজরদারিতে ছিলেন। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে শেরিফ কোয়াশি টেলিফোনে বিএফএম টিভিকে বলেছিলেন, তিনি ইয়েমেনের আল-কায়দা নেতা আনওয়ার আল আওলাকির কাছ থেকে এই হামলার জন্য অর্থ পেয়েছেন।
এদিকে শনিবার ইয়েমেন ভিত্তিক আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)ইন্টারনেটে একটি ভিডিও পোস্ট করে। প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিওতে একিউএপি’র শরিয়া কর্মকর্তা হারিথ আল-নাধারি শার্লি এবদুতে হামলার জন্য কোয়াশি ভাইদের প্রশংসা করেন।
সেই সঙ্গে ফ্রান্সের জনগণকে হুমকি দিয়ে বলেন,“মুসলিমদের ওপর আগ্রাসন বন্ধ করুন নতুবা শাস্তি হিসেবে আরও হামলার মুখোমুখি হতে হবে।” যদিও এই হামলার দায় সরাসরি স্বীকার করেনি জঙ্গি সংগঠনটি।
