এয়ার এশিয়া বিমানের লেজের অংশ উদ্ধার
জাভা সাগরের তলদেশ থেকে বিধ্বস্ত এয়ার এশিয়া বিমানের লেজের অংশ তোলা হয়েছে।
দুই সপ্তা আগে বিধ্বস্ত যাত্রীবাহী এই বিমানের লেজের অংশ ইন্দোনেশিয়ার নৌবাহিনী উদ্ধার করেছে বলে বিবিসি জানিয়েছে।
ডুবুরিরা একধরনের বেলুনের সাহায্যে সাগরের তলদেশ থেকে বিমানের লেজটি তুলে আনেন।
পাশাপাশি বিমানের ব্ল্যাকবক্স ও ফ্লাইট রেকর্ডারের সন্ধানেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডুবুরিরা।
কর্মকর্তাদের ধারণা, বিমানের লেজের অংশে থাকা ব্ল্যাকবক্সটি কোন কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আর সে কারণে লেজের অংশ তুলে আনার পরও ব্ল্যাকবক্সের দেখা মেলেনি।
তবে সেটি থেকে এখনো ‘পিং’ সংকেত পাওয়ার কারণে আশেপাশে কোথাও সেটি রয়েছে বলেই বিশেষজ্ঞদের অনুমান।
১৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরগামী এ৩২০-২০০ মডেলের বিমানটি ২৮ ডিসেম্বর নিখোঁজ হয়ে যায়।
উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে এখনো বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করছেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজের গতি অত্যন্ত ধীর।
এখন পর্যন্ত ৪৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীদের ধারণা, অধিকাংশ মৃতদেহ এখনে বিধ্বস্ত বিমানটির ভেতরে আটকা পড়ে আছে।
