এয়ার এশিয়া সন্ধানে ‘পিং’ সঙ্কেত সনাক্ত
জাভা সাগরের তলদেশ থেকে ‘পিং’ সঙ্কেত সনাক্ত হয়েছে। উদ্ধারকর্মীদের ধারণা, এয়ার এশিয়ার বিধ্বস্ত বিমানের ‘ব্ল্যাক বক্স’ থেকেই ওই সংকেত আসছে।
বিষয়টি তদন্ত করে দেখতে ডুবুরিদের সেখানে পাঠানো হয়েছে বলে বিবিসি’কে জানান ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোলডকো।
ফ্লাইট কিউজেড৮৫০১ এর লেজের অংশটি বোর্নেও উপকূলের যে অংশে পাওয়া গেছে সেখান থেকেই সঙ্কেত পাওয়া যাচ্ছে বলে জানান উদ্ধারকর্মীরা। ব্ল্যাক বক্সটি খুব সম্ভবত বিমানের কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে কোথাও গিয়ে পড়েছে।
জাতীয় নিরাপদ পরিবহন কমিটির তদন্ত কর্মকর্তা স্যানটস সায়গ বলেন, “ঘটনাস্থল থেকে সঙ্কেত সনাক্তকরণ যন্ত্রে এরই মধ্যে সঙ্কেত সনাক্ত হওয়ার খবর আমাকে দেয়া হয়েছে।”
“প্রার্থনা করছি এটা যেন ব্ল্যাক বক্স হয়। নিশ্চিত হওয়ার জন্য ডুবুরিদের সেখানে পাঠাতে হবে। দুর্ভাগ্যবশত খুব সম্ভবত এটা (ব্ল্যাক বক্স) বিমানের কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ডুবুরিরা সেখানে না যাওয়া পর্যন্ত নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না।”
লেজের অংশটি দুমড়ে-মুচড়ে গেছে বলে জানান এই কর্মকর্তা।
১৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরগামী এ৩২০-২০০ মডেলের বিমানটি ২৮ ডিসেম্বর নিখোঁজ হয়ে যায়।
উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে এখনো বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করছে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজের গতি অত্যন্ত ধীর।
এখন পর্যন্ত ৪৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীদের ধারণা, অধিকাংশ মৃতদেহ এখনে বিধ্বস্ত বিমানটির ভেতরে আটকা পড়ে আছে।
