কোস্টারিকায় নৌদুর্ঘটনায় ৩ পর্যটক নিহত
ঝড়ো হাওয়ার কবলে পড়ে কোস্টারিকায় পর্যটক বোঝাই একটি নৌকা ডুবে তিন পর্যটক প্রাণ হারিয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার (১৫:০০ জিএমটি) দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোস্টারিকা কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় যুক্তরাজ্যের একজন পুরুষ এবং কানাডা ও আমেরিকার দুইজন নারী নিহত হয়েছে। নিহত পর্যটকরা সবাই বয়স্ক ছিলেন।
নৌকাটিতে করে ১শ’ জনের বেশি পর্যটক কোস্টারিকার টরটুগা দ্বীপে যাচ্ছিলেন। পথে ঝড়ো বাতাস ও প্রকাণ্ড ঢেউয়ের কবলে পড়ে এটি ডুবে যায়।
নৌকাটি ডুবে যাওয়ার কিছুক্ষণ আগে যাত্রীদের লাইফজ্যাকেট দেয়া হয়েছিল বলে স্থানীয় টিভি চ্যানেলকে জানান বেঁচে যাওয়া একজন পর্যটক।
“আমরা সমুদ্রে ভাসছিলাম। অনেকে কাঁদছিল, চিৎকার করছিল এবং সাহায্য কামনা করছিল।”
কোস্টারিকার ভাইস-প্রেসিডেন্ট আনা হেলেনা চাকন বলেন, নৌকার ১০৬ জন আরোহীকে উদ্ধার করা হয়েছে।
এর আগে দুই পর্যটকের নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করা হয়েছিল। কিন্তু আনা হেলেনা জানান, নৌকাটির সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে।
