২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৫০

ইয়েমেনের রাজধানী সানায় একটি পুলিশ কলেজের সামনে এক গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৫০ জন নিহত এবং প্রায় ১শ’ মানুষ আহত হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 03:53 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় কয়েকঘণ্টার মধ্যেই মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ একাডেমির এক ক্যাডেট নাবিল আলী বলেছেন, “সকাল ৭ টার দিকে বিস্ফোরণ ঘটে। একটি বাস একাডেমির গেটের কাছে আসার পর এক ব্যক্তি এটির বিস্ফোরণ ঘটায়। হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে”।

গত বছর ৯ অক্টোবরের পর সানায় এটিই সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলা। ওই সময় আল কায়েদার এক আত্মঘাতী হামলাকারী শিয়া হাউতি গোষ্ঠীর এক সমাবেশে হামলা চালিয়ে অন্তত ৪৭ জনকে হত্যা করে।

এর আগে ২০১২ সালের ১১ জুনে আল কায়েদার আরেক আত্মঘাতী হামলাকারী পুলিশ একাডেমিতে হামলা চালায়। এতে নিহত হয়েছিল অন্তত ২১ জন।

২০১১ সালে জনপ্রিয় আরব বসন্তের প্রভাবে আন্দোলন শুরু হয় যার ধারাবাহিকতায় সরকারের পরিবর্তন ঘটে। পরবর্তী সময়ে দেশটিতে সাম্প্রদায়িক সহিংসতার বিস্তার ঘটে।

২০১৪ সালের সেপ্টেম্বরে সেনাবাহিনীকে পর্যুদস্ত করে শিয়া মুসলিম হাউতি মিলিশিয়ারা রাজধানী সানার বিশাল অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

তারপর থেকেই হাউতি মিলিশিয়াদের অগ্রগতি রোধ করতে সুন্নি মুসলিমদের জঙ্গি গোষ্ঠী ইয়েমেনের আল কায়েদা (একিউএপি) নিয়মিত বিরতিতে বোমা হামলা ও বন্দুক হামলা চালিয়ে আসছে।

তবে বুধবারের বোমা হামলার দায়িত্ব এখনো পর্যন্ত কোন গোষ্ঠী স্বীকার করেনি। অবশ্য এরআগে এ ধরনের অনেক হামলার দায় একিউএপি স্বীকার করেছিল।

পুলিশের সূত্র জানিয়েছে, বুধবারের এই হামলায় নিহতদের মধ্যে পুলিশ কলেজের ছাত্র ও পুলিশ বাহিনীতে যোগ দেয়ার জন্য অপেক্ষমাণ প্রার্থীই বেশি।

বিস্ফোরণের শব্দ শহরের অনেক দূর পর্যন্ত শোনা গেছে। পাশাপাশি কলেজের কাছ থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে। স্থানটি দেশটির কেন্দ্রীয় ব্যাংক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খুব কাছে।

ঘটনাস্থলে থাকা একজন স্বাস্থ্যকর্মী রয়টার্সকে বলেছেন, “পরিস্থিতি ভয়াবহ। আমরা একজনের ওপর আর একজনের দেহ পড়ে থাকতে দেখেছি।”

তিনি আরো বলেন, “আমরা একব্যক্তির শরীরের উপরের অংশ খুঁজে পেয়েছি। তার শরীরের নিচের অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।”

পুলিশ জানিয়েছে, বোমাটি বিস্ফোরণেল সময় অপর একটি গাড়ি পাশ দিয়ে যাচ্ছিল। তাতে আগুন ধরে গেলে ভেতরে থাকা আরোহীদের সবাই পুড়ে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা পুলিশে লোক নেয়া স্থগিত করেছে। প্রতিবছর এক সপ্তা ধরে দেশটির পুলিশ বাহিনীতে লোক নেয়া হয়।