বিহারের মুখ্যমন্ত্রীকে জুতা
ভারতের বিহার রাজ্যে ‘জনতার দরবার’ চলার সময় দর্শক সারি থেকে মুখ্যমন্ত্রী জিতেন রাম মনঝির দিকে জুতা ছুড়ে মেরেছেন এক ব্যক্তি।
সোমবার পাটনায় এ ঘটনা ঘটে। তবে জুতা জিতেন রামের গায়ে লাগেনি। এ ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের একজন কর্মকর্তা বলেন, “জুতাটি মুখ্যমন্ত্রী যেখানে ছিলেন সেখান থেকে ৪/৫ ফুট সামনে পড়ে। এ ধরনের ঘটনা ঘটবে সেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি।”
সারান এলাকার অধিবাসী অমৃতোষ কুমার এ কাণ্ড ঘটান। জনতার দরবারে বাধা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশকে অমৃতোষ বলেন, তিনি বেশ কয়েকবার জনতার দরবারে হাজির হয়ে নিজের অভিযোগের কথা জানিয়েছেন। এরপরও তার কাজ না হওয়ায় তিনি খুব হতাশ এবং ক্ষুব্ধ।
তার অভিযোগ, জিতেন রাজ্যের উন্নয়নের জন্য কোন কাজ করছেন না এবং বিহারে জাত-পাতের রাজনীতি করছেন।
মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রতি সপ্তাহে জনতার দরবার বসে। সেখানে মুখ্যমন্ত্রী জনগণের সঙ্গে দেখা করেন এবং তাদের অভাব-অভিযোগ শোনেন।
বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ২০০৬ সাল থেকে জনতার দরবার চালু করেন।
