প্যারোলে মুক্তি পাচ্ছেন চেন শুই বিয়ান
তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট চেন শুই বিয়ান চিকিৎসাজনিত কারণে কারাগার থেকে প্যারোলে একমাসের জন্য মুক্তি পেতে যাচ্ছেন।
তাইওয়ানের বিচার মন্ত্রণালয় বলছে, মস্তিষ্কে সমস্যাসহ বিভিন্ন রোগের কারণে বিয়ানকে প্যারোলে মুক্তি দেয়ার বিষয়টি অনুমোদন করা হয়েছে।
অর্থপাচার ও ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক এই প্রেসিডেন্টকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ছয় বছর ধরে তিনি সাজা ভোগ করছেন বলে বিবিসি জানিয়েছে।
চেন শুই বিয়ান ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত তাইওয়ানের প্রেসিডেন্ট ছিলেন।
বিচার মন্ত্রণালয় জানিয়েছে, তার প্যারোলে ছাড়া পাওয়ার মেয়াদ বাড়ানো হবে কিনা তা প্রতিমাসের শেষে সিদ্ধান্ত নেয়া হবে।
তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করায় চীন চেন শুই বিয়ানের ওপর ক্ষিপ্ত ছিল।
বিয়ানের অভিযোগ, বর্তমান সরকার বেইজিংকে সন্তুষ্ট করে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে জন্য রাজনৈতিক কারণে নিপীড়ন চালাচ্ছে।
সাবেক আইনজীবী চেন শুই বিয়ান ২০০৮ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতার মেয়াদ শেষে সরে দাঁড়ানোর কিছুদিনের মধ্যেই বিচারের মুখোমুখি হন।
তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এগুলোর মধ্যে মানসিক মন্দা এবং পারকিনসনও রয়েছে। তিনি বেশ কয়েকবার চিকিৎসার কারণে মুক্তির আহ্বানও জানিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, গতবছর (২০১৪) তিনি একবার আত্মহত্যারও চেষ্টা করেছিলেন।
চেন শুই বিয়ান সরকারের সাবেক ভাইস-প্রেসিডেন্ট আনেত্তে লু অনশনও করেছিলেন বিয়ানের শারীরিক অবস্থার ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য।
