মঙ্গলে হবে লেটুস চাষ!
মঙ্গলগ্রহের ভবিষ্যৎ বাসিন্দাদের জন্য লেটুস চাষের পরিকল্পনা করছেন যুক্তরাজ্যের একদল তরুণ।
সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের এ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তারা পৃথিবী থেকে মঙ্গলে একটি গ্রিণহাউজ পাঠানোর প্রস্তাব দিয়েছেন।
সেখানে লেটুস বীজ, পানি, প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং গ্রিণহাউজের ভেতরের পরিবেশ পরিবর্তন ও পর্যবেক্ষণের ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে। প্রকল্পটির নাম দেয়া হয়েছে #লেটুসঅনমার্স।
সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের সুজানা লুকারট্টি বলেন, “অন্য গ্রহে বাস করতে হলে আমাদেরকে সেখানে খাদ্যদ্রব্যের ব্যবস্থা করতে হবে। এখন পর্যন্ত কেউই তা করেনি। আমরাই প্রথম এটি করার কথা ভাবছি।”
প্রস্তাবটি অনুমোদন পেলে ২০২৫ সালের মধ্যে মঙ্গলে মানুষের বাস শুরুর অভিযানের অংশ হিসেবে ২০১৮ সাল নাগাদ লেটুস বীজ মঙ্গলে পাঠানো যেতে পারে।
