লিবিয়ার ১৪ সেনাকে হত্যা করেছে ইসলামিক স্টেট
ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে নেয়া ইসলামিক স্টেট’র (আইএস) লিবীয় অনুসারিরা দেশটির ১৪ সেনাকে হত্যা করেছে।
শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সরকার।
দেশটির পূর্বাঞ্চল থেকে সরকার পরিচালনা করতে বাধ্য হওয়া এ সরকারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল থিন্নি বলেছেন, দক্ষিণাঞ্চলের প্রধান শহর সাবহা’র উত্তরের একটি সড়কে আইএস জঙ্গিরা ১৪ সেনাকে হত্যা করেছে।
মধ্যপূর্বাঞ্চলের মিসরাতা শহরের ‘লিবিয়া ডন’ নামে পরিচিতি একটি গোষ্ঠি গত অগাস্ট থেকে দেশটির রাজধানী ত্রিপোলি দখল করে রাখায় পূর্বাঞ্চলে সরে যেতে বাধ্য হয় থিন্নি সরকার।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, “আইএস’র সদস্যরা একটি হামলা পরিচালনা করেছে। হামলা চলাকালে তারা লিবীয় সেনাবাহিনীর ১৬৮ ইনফ্যান্ট্রি ব্যাটিলিয়নের ১৪ সেনাকে হত্যা করেছে।”
বিবৃতিতে “সন্ত্রাসীদের” সঙ্গে লড়াই করার জন্য লিবিয়ার উপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছে থিন্নি সরকার।
‘ইসলামিক স্টেট ইন লিবিয়া’ নামের একটি ওয়েবসাইটে লিবিয়ার ওই একই এলাকায় ১২ সেনাকে হত্যার দায় স্বীকার করা হয়েছে।
থিন্নি সরকারের প্রতিদ্বন্দ্বী পার্লামেন্ট ত্রিপোলি থেকে সেনা হত্যার নিন্দা জানিয়েছে বলে জানিয়েছে ত্রিপোলি ভিত্তিক একটি বার্তা সংস্থা।
সম্প্রতি লিবিয়ার উগ্র ইসলামপন্থিদের পূর্বাঞ্চলীয় প্রধান কেন্দ্র দের্না’কে কেন্দ্র করে একটি শাখা খোলার উদ্যেগ নিয়েছে আইএস। এই এলাকায় কয়েকশত যোদ্ধাকে প্রশিক্ষণ দেয়া শুরু করেছে আইএস, আর এসব বিষয় যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পর্যবেক্ষণে আছে বলে গত মাসে জানিয়েছেন আফ্রিকায় নিয়োজিত যুক্তরাষ্ট্র বাহিনীর প্রধান কমান্ডার।
আইএস ও অন্যান্য উগ্র ইসলামপন্থি গোষ্ঠিগুলো তেল সমৃদ্ধ দেশটির রাজনৈতিক শূন্যতার ফায়দা নেয়ার চেষ্টা করছে, এমন শঙ্কায় উদ্বিগ্ন হয়ে আছে পশ্চিমা শক্তিগুলো ও লিবিয়ার প্রতিবেশী দেশগুলো।
