ইমরানের নতুন বিয়ের গুঞ্জন
পাকিস্তানের ক্রিকেট তারকা ইমরান খান গোপনে বিবিসির সাবেক এক সংবাদ উপস্থাপিকাকে বিয়ে করেছেন বলে গুঞ্জন চলছে।
পরিবার ও নিজের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সহকর্মীদের আপত্তির মধ্যে গত ২৭ ডিসেম্বর ইমরান সংবাদ উপস্থাপিকা রেহাম খানকে বিয়ে করেন বলে মঙ্গলবার রাতে খবর প্রকাশ করে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল।
এর প্রতিক্রিয়ায় বিয়ের খবর নিশ্চিত বা নাকচ কোনোটিই করেননি ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ৬২ বছর বয়সী ইমরান।
এক টুইটে তিনি বলেছেন, “আমার বিয়ের খবর অতিরঞ্জন!”
এদিকে তার বিয়ের খবরে পাকিস্তানে আলোচনার ঝড় উঠেছে।
ইমরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাজনৈতিক প্রতিপক্ষ এ গুজব ছড়িয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
বিশ্বকাপ জয়ী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খান প্রথম বিয়ে করেছিলেন ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে (৪০)। নয় বছরের দাম্পত্য জীবন শেষে ২০০৪ সালে ছাড়াছাড়ি হয় তাদের।
বর্তমানে ব্রিটিশ অভিনেতা রাসেল ব্রান্ডের (৩৮) সঙ্গে ডেটিংয়ে থাকা জেমিমা গত মাসে নামের সঙ্গে থাকা ‘খান’ পদবি বাদ দেওয়ার কথা বলেন।
“আমার সাবেক স্বামী ইমরান সম্প্রতি ফের বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছে, যাতে আমার মনে হয়েছে ফের গোল্ডস্মিথ নামে ফিরে যাওয়ার সময় হয়েছে।”
এরইমধ্যে ২৭ ডিসেম্বর ফারহাত জাবেদ রাবানি নামের পাকিস্তানের আরেক সংবাদ পাঠক এক টুইটে বলেন, “আজ একজন রাজনীতিককে বিয়ে করলেন এক অ্যাঙ্কর।”
এর পরই ইমরান-রেহামের বিয়ে নিয়ে শুরু হয় গুঞ্জন।
পাকিস্তানি নাগরিক রেহাম এর আগে এক মনোস্তত্ত্ববিদকে বিয়ে করেন। তার ঘরেই তিন সন্তান রয়েছে তার। বিয়ের পর ব্রিটেনে থাকতেন তিনি।
চিকিৎসক ও আইনজীবী বাবা-মার ঘরে জন্ম নেওয়া রেহাম একটি রেডিওতে কাজের মধ্য দিয়ে সাংবাদিক হিসেবে পেশাগত জীবন শুরু করেন। পরে বিবিসির আবহাওয়ার খবর পাঠের পাশাপাশি আঞ্চলিক সংবাদ অনুষ্ঠান ‘সাউথ টুডে’র উপস্থাপক হিসেবে কাজ করেন তিনি।
২০১৩ সালে পাকিস্তানি চ্যানেল নিউজ ওয়ানে যোগ দেন তিনি। পরে সেখান থেকে অন্য কর্মস্থলে যান এই সংবাদ উপস্থাপিকা।
