২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্ল্যাকবক্স উদ্ধারে সময় লাগবে সপ্তাখানেক

এয়ার এশিয়ার বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ও নিহতদের মরদেহ উদ্ধারে অভিযান পুনরায় শুরু করার জন্য অপেক্ষা করছেন ডুবুরিরা। পাশাপাশি বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধারে সপ্তাখানেক সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jan 2015, 03:03 PM

Updated : 12 Oct 2022, 03:06 PM

বৃহস্পতিবার সমুদ্র উত্তাল থাকার কারণে বর্নেও দ্বীপের উপকূলে অভিযান সাময়িক বন্ধ রয়েছে।

বিমানটি ঠিক কি কারণে জাভা সমুদ্রে বিধ্বস্ত হয়েছে তা উদ্ঘাটন করার জন্য ব্ল্যাকবক্সটি উদ্ধার করতে হবে।

সমুদ্রের তলদেশে ৩০ থেকে ৫০ মিটার গভীরে বড় ধরনের কোনকিছুর খোঁজ পাওয়া গেছে। উদ্ধারকারীরা সেখানে তল্লাশি চালানোর জন্য অপেক্ষা করছেন।

অনুসন্ধানকারীদের ধারণা এটিই এয়ার এশিয়ার এয়ারবাস ৩২০-২০০ মডেলের বিধ্বস্ত হওয়া বিমানের কাঠামো। বিমানটি ১৬২ জন যাত্রী বহন করছিল।

সুরাবায়ার জুয়ানডা বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে যাওয়ার পথে স্থানীয় সময় রোববার সকালে নিখোঁজ হয় বিমানটি।

কোনো ধরনের সতর্ক সংকেত ছাড়াই জাকার্তা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ব্যাপক অনুসন্ধানের পর এটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইতোমধ্যে বিমানটির হতভাগ্য যাত্রীদের উল্লেখযোগ্য সংখ্যকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এয়ার এশিয়ার শীর্ষ কর্মকর্তা টনি ফার্নান্দেজ এক ট্যুইটারবার্তায় বৃহস্পতিবার বলেন, “আমি আশা করছি, সর্বসাম্প্রতিক তথ্য সঠিক এবং বিমানটি পাওয়া যাবে।” তিনি আরো লিখেন, “আসুন সবাই একসঙ্গে আশায় বুক বাঁধি। এটা খুবই গুরুত্বপূর্ণ।”

কিন্তু জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির বিমান চলাচল নিরাপত্তা বিষয়ক তদন্তকারী টুস সানিটিয়োসো বলেন, ব্ল্যাকবক্স ও ভয়েস রেকর্ডার খুঁজে পেতে সপ্তাখানেক সময় লাগতে পারে। তিনি বিমানের অবস্থান সম্পর্কে এখনো সন্দেহমুক্ত নন বলে জানিয়েছেন।

সানিটিয়োসো সাংবাদিকদের বলেন, “ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যাবে সেটি খুঁজে বের করা হচ্ছে সবচে গুরুত্বপূর্ণ বিষয়। আর তারপর ব্ল্যাকবক্সের খোঁজ।”

কেউই এখনো পর্যন্ত ব্ল্যাকবক্সের সংকেত সনাক্ত করার কথা বলতে পারেননি বলে যোগ করেন তিনি।

তিনি আরো বলেন, “ব্ল্যাকবক্স উদ্ধারে দুটি ধাপ রয়েছে। প্রথমত আমরা ধ্বংসাবশেষের বড় অংশের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছি।”

অনুসন্ধান কর্মকর্তা সুনারবোয়ো সান্ধি জানান, কোন লক্ষ্য স্থির না করে ডুবুরিদের সমুদ্রের নিচে পাঠানো ঠিক হবে না। তিনি বলেন, “এটি স্থির না করে তারা যাবে না। ডুবুরিরা অনুসন্ধান চালাচ্ছে না।”