২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিয়ের আসরে মর্টার গোলায় নিহত ২৬

আফগানিস্তানে বিয়ের আসরে সেনাবাহিনীর নিক্ষিপ্ত মর্টার গোলা বিস্ফোরিত হয়ে অন্ততপক্ষে ২৬ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 12:55 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

বুধবার দেশটির হেলমান্দ প্রদেশে তালেবান জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র লড়াইয়ের এক পর্যায়ে এই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

আফগান সেনাবাহিনীর কর্মকর্তা জেনারেল মাহমুদ জানিয়েছেন, সানজিন জেলার যে গ্রামে বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল সেই গ্রামের দিকে তিনদিক থেকে মর্টার গোলা নিক্ষেপ করা হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সকে মাহমুদ বলেন, “এ পর্যন্ত যতদূর জানতে পেরেছি, আমাদের সেনারা তিনটি অবস্থান থেকে মর্টার গোলা ছুঁড়েছে। তবে এটি লক্ষ্যস্থির করে ছোঁড়া হয়েছে কিনা তা আমরা জানি না।”

“এ বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে, যারা দায়ী তাদের শাস্তি দেয়া হবে।”

হেলমান্দ পুলিশের উপপ্রধান গুল পাশা বখতিয়ার জানিয়েছেন, সেনাবাহিনীর ছোঁড়া মর্টার গোলায় শিশু ও নারীসহ ২৬ জন বেসামরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৪১ জন।

কনেকে স্বাগত জানাতে সবাই বাড়ির বাইরে জড়ো হয়েছেন, এমন সময় সেখানে কয়েকটি গোলা এসে পড়ে বিস্ফোরিত হয়।

কনের ভাই মালুক খান জানিয়েছেন, সেখানে শিশু ও নারীসহ কয়েকশ অতিথি ছিলেন।

লস্কর গা’য়ের প্রাদেশিক হাসপাতাল থেকে মালুক বলেন, “মুহূর্তের মধ্যে আমাদের আনন্দঘন পরিবেশ রক্তস্নাত হয়ে যায়।”

২০০১ সালের পর থেকে ২০১৪ সাল ছিল আফগানিস্তানের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী বছর।