বাঘের মাংস খেয়ে কারাগারে
বিপন্ন প্রজাতির বাঘের মাংস খাওয়া এবং এর রক্ত দিয়ে মদ তৈরি করে পান করার দায়ে চীনে এক ধনাঢ্য ব্যবসায়ীকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, জু নামের ওই ব্যক্তি বাঘ কিনতে গত বছর তিনবার চীনের দক্ষিণাঞ্চলের গুয়ানজু প্রদেশে যান। সেখান থেকে তিনটি বাঘ কিনে বন্ধ-বান্ধবসহ নিজ এলাকা গুয়ানজিতে আসেন তিনি।
প্রতিবেদনে আরো বলা হয়, ওই ব্যক্তি ও তার বন্ধুরা বাঘগুলো মারার দৃশ্য উপভোগ করেন। একটি বাঘকে মারা হয় ইলেক্ট্রিক শক এর মাধ্যমে।
বন্ধুদের নিয়েই বাঘের মাংস খায় জু। কেউ এ সম্পর্কে জানতে চাইলে একে গরু, ঘোড়া কিংবা বড় বেড়ালের মাংস বলে চালিয়ে দেয়ার জন্য সহযোগীদের বলেন তিনি।
বাঘের মাংস খাওয়ার এমন আয়োজনের বিষয়টি তার আরেক প্রতিবেশি দেখে ফেলেন। ওই প্রত্যক্ষদর্শী ঘটনাটি পুলিশকে জানালে জুকে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় দায়ের করা মামলায় গত এপ্রিলে জু’র বিরুদ্ধে রায় হয়। তাকে দোষী সাব্যস্ত করে ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারক।
জু’র আইনজীবী ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে চলতি সপ্তাহে আদালত আপিল বাতিল করে তার কারাদণ্ডাদেশ বহাল রাখে।
