নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার দাবি
এয়ার এশিয়ার নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ সাগরে সনাক্ত করতে পারার দাবি করেছেন ইন্দোনেশিয়ার অনুসন্ধানকারীরা।
বিবিসি বলছে, ইন্দোনেশিয়া অংশের বোর্নিও দ্বীপের কাছে জাভা সাগরে বিমানটির বেশকিছু অংশ ভাসতে দেখা গেছে বলে দাবি করেছেন অনুসন্ধানকারীরা।
এটি নিখোঁজ বিমানটির অনুসন্ধানের একটি এলাকা ছিল।
দেশটির কর্তৃপক্ষ বিমানটি ইন্দোনেশিয়ার উপকূলে বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন।
সমুদ্রের ১৩ সম্ভাব্য অঞ্চলকে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান বিবেচনা করে অনুসন্ধান অভিযান পরিচালনা করা হয়ে। তৃতীয়দিনের মতো অনুসন্ধান অভিযান চালানোর সময় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করা হল।
ইন্দোনেশিয়ার সুরাবায়ার জুয়ানডা বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে যাওয়ার পথে স্থানীয় সময় রোববার সকাল ৭টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ২৪) এয়ারএশিয়ার ফ্লাইট কিউজেড ৮৫০১ এর সঙ্গে জাকার্তা এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এয়ারএশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ারবাস ৩২০-২০০ মডেলের ওই উড়োজাহাজে ১৫৫ জন যাত্রী ও ক্রু মিলিয়ে ১৬২ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ১৪৯ জন ইন্দোনেশিয়ার ও তিনজন দক্ষিণ কোরিয়ার। বাকি তিনজন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের নাগরিক।
উড়োজাহাজটি উধাও হয়ে যাওয়ার পরপরই সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া অনুসন্ধান শুরু করে। অন্ধকার নেমে আসায় রোববার রাতে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হলেও সোমবার সকাল থেকে আবার শুরু হয় ব্যাপক তল্লাশি।
সেনা বিমান, হেলিকপ্টার আর উদ্ধারকারী নৌযান নিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে অভিযানে যোগ দিয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া। অনুসন্ধানে সহযোগিতার প্রস্তাব রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ভারতের পক্ষ থেকেও।
সুরাবায়ার জুয়ানডা বিমানবন্দর থেকে স্থানীয় সময় ভোর ৫টা ৩৫ মিনিটে রওনা হয় ফ্লাইট কিউজেড ৮৫০১। সকাল ৮টা ৩০ মিনিটে সেটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।
এর আগে চলতি বছর মালয়েশিয়াভিত্তিক দুটি উড়োজাহাজের বড় ধরনের দুর্ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়ে যায়।
৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইটটি ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়, যার খোঁজ এখনো পাওয়া যায়নি।
এছাড়া ১৭ জুলাই এই প্রতিষ্ঠানের এমএইচ১৭ ফ্লাইটটি ইউক্রেইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হলে ২৯৮ জন আরোহীর সবাই নিহত হন।
