২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার্চিলের মুসলিমপ্রেমে ভয় ছিল স্বজনদের

জীবনের এক পর্যায়ে ইসলাম ও প্রাচ্যের সংস্কৃতি প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, যা তার পরিবার ও স্বজনদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2014, 08:58 PM

Updated : 25 Apr 2022, 05:10 PM

চার্চিল যাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম না হয়ে যান, সেই আহ্বান জানিয়ে এক স্বজনের লেখা একটি চিঠির সন্ধান পাওয়া গেছে। মুসলিম হয়ে যাওয়ার মনোবাসনার বিরুদ্ধে চার্চিলকে লড়াই চালানো অনুরোধ ছিল চিঠিটিতে।

ব্রিটেনের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকা সম্প্রতি ১৯০৭ সালের অগাস্টে চার্চিলের ভাইয়ের হবু স্ত্রী লেডি গুয়েনডলিন বের্টির ওই চিঠির বরাত দিয়ে খবর ছাপে।

চিঠিতে বলা হয়, “দয়া করে ইসলাম ধর্ম গ্রহণ করবেন না। আমি আপনার(চার্চিল)মধ্যে প্রাচ্যের প্রতি এক ধরণের ভালোবাসা দেখতে পেয়েছি। আপনার মধ্যে পাশাদের পছন্দ করার প্রবণতা রয়েছে। আমার সত্যিই এমনটা মনে হয়েছে।

“যদি আপনি ইসলামের সংস্পর্শে আসেন তবে আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক সহজেই হয়তো আপনার মধ্যে পরিবর্তন চলে আসতে পারে। আমি যেটা বোঝাতে চাইছি সেটা কি আপনি জানেন না, এটার বিরুদ্ধে লড়াই করুন।”

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গবেষক ওয়ারেন ডোক্টার চিঠিটি খুঁজে পান। লন্ডনের মেয়র বরিস জনসন চার্চিলের ওপর একটি বই লিখেছেন। ওই সময় ডোক্টার তার সহকারী হিসেবে কাজ করেছিলেন।

যদিও ইসলামের প্রতি চার্চিলের আগ্রহ নিয়ে তার পরিবারের উদ্বিগ্ন হওয়ার কোন প্রয়োজন ছিল না বলেই মনে করেন ডোক্টার।

ইনডিপেনডেন্ট পত্রিকাকে ডোক্টার বলেন, “চার্চিল ধর্মান্তরের বিষয়টি কখনই ‍গুরুত্বের সঙ্গে নেননি। ওই সময়ে তিনি কিছুটা নাস্তিক ছিলেন। ইসলামিক সংস্কৃতির ওপর তিনি হয়তো কিছুটা মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং ভিক্টোরিয়ান যুগে সেটা খুব সাধারণ বিষয় ছিল।”

যুক্তরাজ্যের সেনাবাহিনীর হয়ে সুদানে কাজ করার সময় মুসলিম সমাজকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন চার্চিল।

১৯০৭ সালে লেডি লিটনকে লেখা এক চিঠিতে চার্চিল লিখেছিলেন, “যদি আমি একজন পাশা হতাম।”

এমনকি বাড়িতে আরবদের মতো পোশাক পরতেন চার্চিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রিজেন্ট পার্কে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনায় সমর্থন দেন চার্চিল এবং এ জন্য এক লাখ পাউন্ড অনুদান দেন। যুদ্ধে মুসলিম বিশ্বের সমর্থন পাওয়ার আশায় তিনি ওই উদ্যোগ নিয়েছিলেন। ওই মসজিদটিই বর্তমানে লন্ডন সেন্ট্রাল মসজিদ নামে পরিচিত।

হাউজ অব কমন্সে চার্চিল বলেছিলেন, “মুসলিম দেশগুলোতে আমাদের অনেক বন্ধু এই উপহারের জন্য আমাদের প্রশংসা করেছেন।”

এরপরও ইসলাম সম্পর্কে চার্চিলের বক্তব্য বেশ পরিষ্কার ছিলো বলে মনে করেন ডোক্টার। নিজের যুক্তির পক্ষে উদাহরণ হিসেবে তিনি চার্চিলের লেখা ‘দ্য রিভার ওয়ার’ বইয়ের প্রসঙ্গ টানেন।

দ্য রিভার ওয়ার বইয়ের ১৮৯৯ একাউন্ট অফ সুদান পর্বে চার্চিল লিখেছেন, ‘বাস্তবতা হচ্ছে, মুহাম্মদীয় আইন অনুযায়ী প্রত্যেক নারী কোন না কোন পুরুষের সম্পত্তি হিসাবে বিবেচিত হবে। মেয়ে বা স্ত্রী অথবা উপপত্নী হিসাবে তারা থাকবে। ইসলামের এই বিশ্বাস যতদিন পুরুষদের ভেতর থেকে দূর না হবে, ততদিন চূড়ান্তভাবে দাসপ্রথার অবসান ঘটবে না।’

‘একেকজন মুসলমানের ভেতর হয়তো চমৎকার গুণাবলী থাকতে পারে, কিন্তু যারা গভীরভাবে এই ধর্ম অনুসরণ করে, ধর্মের প্রভাব তাদেরকে সামাজিকভাবে পঙ্গু করে ফেলে। পৃথিবীতে এর মতো এমন আর কিছু নেই, যা মানুষকে পেছনের দিকে টেনে নিয়ে যায়। এটি যে মানুষকে শুধুমাত্র ধ্বংসকামী করে তোলে তা নয়, তাকে জঙ্গি আর অন্ধবিশ্বাসী করে তোলে।’