ভারতে ‘চুম্বন বাবা’ গ্রেপ্তার
ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে ‘চুম্বন বাবা’ নামে পরিচিত এক গুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার অন্ধ্রের কাডাপা জেলার প্রোদ্দাতুর টাউন থেকে কথিত এই ‘চুম্বন বাবা’কে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
আগত ভক্ত নারীদের অসুখ সারাতে ও সমস্যার সমাধান করতে জড়িয়ে ধরতেন ও চুম্বন করতেন বলে ‘চুম্বন বাবা’ হিসেবে পরিচিতি পান তিনি।
আদালতে তোলার পর কথিত ওই ‘বাবা’কে দুই সপ্তাহ বিচার বিভাগের হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
মানসিকভাবে সুস্থ মনে না হওয়ায় তাকে একটি মানসিক হাসপাতালে পরীক্ষা করারও নির্দেশ দেয় আদালত।
