২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পাচ্ছে ‘দি ইন্টারভিউ’

অবশেষে বড়দিন বা ক্রিসমাস ডে তেই মুক্তি দেয়া হচ্ছে সনি পিকচার্সের বিতর্কিত নতুন ছবি ‘দি ইন্টারভিউ’।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2014, 11:36 AM

Updated : 22 Aug 2022, 08:09 PM

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

তবে ছবিটি সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রের কিছু সিনেমা হলে প্রদর্শিত হবে বলে বিবিসি জানিয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ২শ’ হলে ছবিটি মুক্তি দেয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে ছবিটি তিন হাজারেরও বেশি হলে একযোগে মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল।

ওবামার মুখপাত্র এরিক শুলজ এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট (ওবামা) এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্ট হিসেবে এই বিষয়টি তিনি পরিষ্কার করতে চান যে, আমরা সেই দেশ যারা বাক স্বাধীনতা ও শৈল্পিক প্রকাশের অধিকারে বিশ্বাস করে।”

সনি এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল লিন্টন বলেন, তার প্রতিষ্ঠান এই ছবি মুক্তি দেয়া বন্ধ করবে না। ছবিটি আরো বৃহৎ পরিসরে প্রদর্শনের লক্ষ্যে তারা উদ্যোগ অব্যাহত রাখবেন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে গুপ্তহত্যার পরিকল্পনার কাহিনি নিয়ে কমেডি ধাঁচের এই ছবিটি নির্মিত হয়েছে। ক্রিসমান উপলক্ষ্যে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছিল প্রযোজনা সংস্থাটি।

কিন্তু চলতি বছরের ২২ নভেম্বর সনির কম্পিউটার সিস্টেম হ্যাক হয়ে গেলে ছবিটি মুক্তি দেয়ার তারিখ বাতিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে সাইবার হামলার পরিপ্রেক্ষিতে ছবিটির মুক্তি তারিখ বাতিলের সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। সনি পিকচার্সের এই সিদ্ধান্ত বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনারও শিকার হয়।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অবশ্য এই সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকেই অভিযুক্ত করেছে। কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া।

এই ঘটনার পর উত্তর কোরিয়ায় ইন্টারনেট বিপর্যয় দেখা দেয়। ধারণা করা হয় এর পেছনে যুক্তরাষ্ট্রের কারসাজি রয়েছে।