২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মমতার সারদা-সম্পর্ক নিয়ে তথ্য দেবেন কুনাল

ভারতের পশ্চিমবঙ্গে সারদা গ্রুপের অর্থ কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও সাংসদ মুকুল রায়ের সংশ্লিষ্টতার বিষয়ে সিবিআইকে তথ্য দেবেন কারাবন্দি কুনাল ঘোষ। তিনি এক সময় দুজনেরই ঘনিষ্ঠ ছিলেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 03:38 PM

Updated : 13 Oct 2022, 12:57 PM

মঙ্গলবার আনন্দবাজার পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।

মমতার দল তৃণমূলের বহিষ্কৃত সাংসদ কুনালকে সারদা কেলেঙ্কারিতে গ্রেপ্তারের পর সোমবার আরেক দফা সিবিআই আদালতে হাজির করা হয়।

এদিন আদালতের বিশেষ বিচারক অরবিন্দ মিশ্রের এজলাসে দাঁড়িয়ে কুনাল বলেন, “মমতা-মুকুল সম্পর্কে আমার কাছে দু’টি নির্দিষ্ট তথ্য আছে। সেটা আমি সিবিআইকে বলতে চাই”।

তিনি বলেন, “সারদা মিডিয়ার থেকে সবচেয়ে বেশি সুবিধা যিনি নিয়েছেন, তার এক নম্বর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি নিজেকে বাঁচানোর জন্য এ রকম করে বেড়াচ্ছেন।”

এরআগে সারদা নিয়ে আদালতের কাছে গোপন জবানবন্দি দিতে চেয়েছিলেন তৃণমূলের সাবেক এমপি কুনাল। সেই সময় সিবিআই জানিয়েছিল এর প্রয়োজন নেই।

তবে, আদালতের নির্দেশে ওই সময়েও জেলে গিয়ে কুনালের বয়ান রেকর্ড করেছিলেন তদন্তকারীরা। এবারও তারা সেটাই করবে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, আগের বারের সঙ্গে এ বারের তফাৎ একটাই এ বার কুনাল আগে থেকে বলে কয়েই সরাসরি মমতা-মুকুলের বিরুদ্ধে ‘নির্দিষ্ট তথ্য’ দিতে চলেছেন। কী তথ্য কুনাল দিতে চান তা নিয়ে এ দিন আদালতের মধ্যেই জল্পনা শুরু হয়।

কুনাল এরইমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) চিঠি লিখে দাবি করেছেন, কালিম্পঙের ডেলো বাংলোতে সারদা কোম্পানির মালিক সুদীপ্ত সেন এবং অর্থলগ্নী সংস্থা রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল।

চিঠিতে কুনালের অভিযোগ ছিল, বৈঠকে সুদীপ্ত সেন বলেছিলেন, মমতাকে প্রধানমন্ত্রী করার কথা ভেবেই তিনি তার মিডিয়া ব্যবসা সাজাচ্ছেন।

আনন্দবাজার আরো জানিয়েছে, ইডিকে পাঠানো ওই চিঠিতে মুকুল সম্পর্কে কুনালের অভিযোগ ছিল, সারদার ভরাডুবির পরে সুদীপ্ত সেন নিজাম প্যালেসে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও মমতার ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে। তাকে মুখ্যমন্ত্রীর মুখোমুখি বসিয়ে জেরা করা হোক বলেও চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন কুনাল।

এর আগে ইডির দফতরে হাজির হয়ে রোজভ্যালির কর্ণধার গৌতমও ডেলো বাংলোর ওই বৈঠকের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলে ২৬ সেপ্টেম্বর খবর প্রকাশ করেছিল আনন্দবাজার। এরইমধ্যে রোজভ্যালির প্রায় আড়াই হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দিয়েছে ইডি।

সম্প্রতি একই কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে, যিনি জিজ্ঞাসাবাদ এড়াতে প্রায় এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন।

তার বিরুদ্ধে সারদা গ্রুপের চেয়ারম্যান সুদীপ্ত সেনের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা নেওয়া ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

মদন ও কুনাল ছাড়াও তৃণমূলের প্রভাবশালী আরো দুই নেতা রজত মজুমদার ও সঞ্জয় বসুকেও এই কেলেঙ্কারিতে গ্রেপ্তার করেছে সিবিআই।

মদন মিত্র গ্রেপ্তার হওয়ার পর আনন্দবাজার লিখেছে, “ধীরে ধীরে মাথার দিকে এগিয়ে চলেছে সিবিআই।”

গত বছর বাংলা নববর্ষের দিন পশ্চিমবঙ্গের তারা নিউজ, তারা মিউজিক ও সাউথ এশিয়া টেলিভিশন বন্ধ হয়ে গেলে এর মালিক প্রতিষ্ঠান সারদা গ্রুপের কেলেংকারির খবর একে একে বেরিয়ে আসতে থাকে।

জানা যায়, এই গ্রুপের এমএলএম কোম্পানি ‘সারদা সম্পদ’ অল্প সময়ে বেশি লাভের লোভ দেখিয়ে বেআইনিভাবে আমানত সংগ্রহের মাধ্যমে পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষের কাছ থেকে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছে।

এই অর্থের ভাগ পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতাও পেয়েছেন বলে অভিযোগ ওঠে।

এ নিয়ে শোরগোলের মধ্যে সারদা গ্রুপের চেয়ারম্যান সুদীপ্ত সেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে একটি চিঠি লিখে লাপাত্তা হয়ে যান, যে চিঠিতে তৃণমূলের সংসদ সদস্য কুনাল ঘোষ এবং সংবাদ প্রতিদিনের সম্পাদক সঞ্জয় বসুর নাম আসে।

পরে তদন্তে দেখা যায়, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সারদার আরেক সংস্থা সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বাজার থেকে ১ হাজার ২৫৯ কোটিরও বেশি রুপি আমানত হিসাবে তোলে এবং পরে তা স্থানান্তর করা হয় গণমাধ্যম ব্যবসায়। আর ওই কাজে সাবেক সাংবাদিক কুনাল ছিলেন সুদীপ্তর অন্যতম সঙ্গী।

ব্যাপক লোকসানের কথা বলে সারদা মিডিয়ার সবগুলো টিভি চ্যানেল ও সংবাদপত্র বন্ধের ঘোষণা দেন সুদীপ্ত সেন। পালিয়ে যাওয়ার পর কাশ্মিরে তিনি গ্রেপ্তার হন।

চলতি বছরের জুলাই মাসে আদালতে হাজির করা হলে কুনাল ঘোষ বিচারকের সামনে সরাসরিই দাবি তোলেন, তাকে সারদা প্রধান সুদীপ্ত সেনের মুখোমুখি করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হোক।