খাবার ছুড়ে প্রতিবাদ
বেলজিয়ামের লিলিথ’স নামের বাজেটে মিতব্যয়িতাবিরোধী একটি নারী গোষ্ঠীর সদস্যরা দেশটির প্রধানমন্ত্রী চার্লস মিশেলের উপর মেয়নেজ ও ফেঞ্চ-ফ্রাই ছুড়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার দেশটির নামুরে এক সম্মেলনে মিশেল এই ঘটনার শিকার হন বলে জানিয়েছে বিবিসিসহ বিভিন্ন সংবাদ মাধ্যম।
ওই নারীরা প্রধানমন্ত্রীর দিকে ফ্রেঞ্চ-ফ্রাই ছুড়ে মারে ও তার শরীরে মেয়নেজ ঢেলে দেয়। বাজেটে সরকারি বিভিন্ন খাতে বরাদ্দ কমানোর পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ ছিলেন তারা। কারণ সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে স্বয়ংক্রিয়ভাবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে।
সম্মেলনে ৩৯ বছর বয়সী প্রধানমন্ত্রী বক্তৃতা দেয়া শুরু করা মাত্রই “মিশেল বের হও, মিতব্যয়ী বের হও,” বলে চিৎকার করে ওঠেন চার নারী প্রতিবাদকারী।
গণমাধ্যমগুলোতে সম্প্রচারিত ভিডিওতে এই হামলা চলার সময় মিশেলকে হাসতে দেখা গেছে। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
বেলজিয়ামে খাদ্য ছুঁড়ে হামলা চালিয়ে প্রতিবাদ একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের ক্ষমতাশালী বেশ কয়েকজন ব্যক্তিত্ব দেশটিতে এ ধরনের হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসও রয়েছেন।
