ঘুষ দেয়ায় ধনকুবেরের কারাদণ্ড
দুর্নীতির অভিযোগে হংকংয়ের ধনকুবের থমাস কোয়াককে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।
ডেভলপার কোম্পানি সুন কুং কাই প্রোপার্টিজের সাবেক কো-চেয়ারম্যান থমাসকে কারাদণ্ডের পাশাপাশি ৬৪ হাজার ৪৪০ মার্কিন ডলার সম পরিমাণ আর্থিক দণ্ডও দেয়া হয়েছে বলে মঙ্গলবার বিবিসি জানিয়েছে।
থমাস কোয়াকের দুর্নীতির মামলা ব্যাপক আলোচিত বিষয়ে পরিণত হয়েছিল।
সরকারি অফিসে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। একই অভিযোগ থেকে তার ছোটভাই রেমন্ডকে অব্যাহতি দেয়া হয়েছে।
কোয়াকের প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, তিনি এই রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করবেন।
৬৩ বছর বয়সী থমাস কোয়াকের বিরুদ্ধে গেল সপ্তায় দণ্ড ঘোষণার পর তিনি তার প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন।
২০০৫-২০০৭ সময়ের মাঝে জমি বিক্রির তথ্য জানতে কোয়াক সাবেক সরকারি কর্মকর্তা রাফায়েল হুইকে ১১ লাখ মার্কিন ডলার সমপরিমান অর্থ ঘুষ দেন।
৬৬ বছর বয়সী রাফায়েল হুইও কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তার বিরুদ্ধে আনা আট অভিযোগের পাঁচটিতেই তিনি অভিযুক্ত হয়েছেন।
কোয়াক ভ্রাতৃদ্বয়ের সম্পদের পরিমান ১৪ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এশিয়ার সবচে ধনীদের মধ্যে তারাও রয়েছেন।
