নাইজেরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ২৭
উত্তর নাইজেরিয়ায় বাস স্টেশন ও বাজারে পৃথক দুটি বোমা হামলায় অন্ততপক্ষে ২৭ জন নিহত হয়েছেন।
সোমবারের এ হামলায় আরো প্রায় ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার না করলেও উত্তরাঞ্চলে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য বিদ্রোহরত জঙ্গিগোষ্ঠী বোকো হারামই হামলা দুটির জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
গোষ্ঠীটি একের পর এক এ ধরনের হামলা চালিয়ে আসছে।
প্রথম ঘটনায় গোম্বে রাজ্যের গোম্বে শহরের এক বাস স্টেশনে পরপর দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফাবু বলেছেন, “প্রথম বিস্ফোরণ থেকে দ্বিতীয়টিতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ প্রথম বিস্ফোরণের পর ঘটনাস্থলে অনেক মানুষ জড়ো হয়েছিল। এদের অনেকেই হতাহত হয়েছেন।”
এখানে ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন জরুরি বিভাগের এক কর্মকর্তা। আহত হয়েছেন প্রায় ৪০ জন।
এর কয়েক ঘন্টা পর পাশের বাউচি রাজ্যের বাউচি শহরের একটি বাজারে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত জন নিহত হন ও বাজারটিতে আগুন ধরে যায়।
বাউচি রাজ্য পুলিশের মুখপাত্র হারুনা মোহাম্মদ আরো ১৯ জন আহত হওয়ার কথা জানিয়েছেন।
আগুনে বাজারের বিশাল এলাকা পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে প্রায় প্রতিদিনই সহিংসতায় বেসামরিক নাগরিক নিহত হন।
বিশ্লেষক গোষ্ঠী কাউন্সিল অন ফরেন রিলেশন্সের তথ্যানুযায়ী চলতি বছর ওই এলাকায় ১০,৩৪০ জন নিহত হয়েছেন।
