২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ার হামলার নিন্দা আফগান তালেবানের

নিষ্পাপ শিশুদের হত্যা ইসলাম পরিপন্থি কাজ মন্তব্য করে পেশোয়ারের স্কুলে হামলার নিন্দা জানিয়েছে আফগান তালেবান।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 02:43 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

মঙ্গলবার পাকিস্তান তালেবানের চালানো ওই হামলায় ১৩২ জন শিশুসহ ১৪১ জন নিহত হন, পাকিস্তানের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলে বুধবার জানিয়েছে দ্য ডন।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান’র (টিটিপি) জঙ্গিদের চালানো আট ঘন্টার ওই হামলা থেকে ১২ বছর বয়সী শিশুরাও রেহাই পায়নি। টিটিপি’র বিরুদ্ধে উত্তর ওয়াজিরিস্তানে চালানো সেনা অভিযানের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে জঙ্গিগোষ্ঠিটি।

মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে আফগান তালেবান বলেছে, “আফগানিস্তানের ইসলামিক আমিরাত (তালেবানের প্রাতিষ্ঠানিক নাম) সব সময় শিশু ও নিরাপরাধ মানুষ হত্যার নিন্দা জানিয়ে আসছে।”

“সচেতনভাবে নিরাপরাধ পুরুষ, নারী ও শিশুদের হত্যা ইসলামি নৈতিকতা বিরোধী। প্রত্যেক ইসলামি সরকার ও আন্দোলনকে মৌলিক এ নীতিটি মেনে চলতে হবে।”

“আফগানিস্তানের ইসলামিক আমিরাত এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।”

বিবৃতিতে এসব কথা বললেও আফগান তালেবানের চালানো বিভিন্ন হামলায়ও নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক মানুষ নিহত হন। তবে অনেক বেসামরিক মানুষের মৃত্যু হয় এমন ধরনের হামলা সাধারণত এড়িয়ে চলে গোষ্ঠিটি।

পাকিস্তান তালেবানের (টিটিপি) সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত না হলেও আফগান ও পাকিস্তান, উভয় তালেবানই মোল্লা ওমরকে তাদের নেতা মানে।

জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানে নিহত বেশিরভাগ বেসামরিক মানুষের মৃত্যুর জন্য তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠিগুলো দায়ী।