২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে উদ্ধার অভিযান শেষ, জঙ্গিরা নিহত

পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে তালেবান জঙ্গিদের সঙ্গে নয় ঘন্টার লড়াইয়ের পর শেষ হয়েছে জিম্মি শিক্ষার্থীদের উদ্ধার অভিযান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 08:45 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

কর্মকর্তারা জানিয়েছেন, অভিযান এখন শেষ। লড়াইয়ে জঙ্গিরা সবাই নিহত হয়েছে। তবে নিরাপত্তা বাহিনী বোমার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্র রয়টার্সকে ৯ জঙ্গি নিহত হওয়ার কথা জানিয়েছেন। তবে অন্যান্য কয়েকটি সূত্রে ৬ জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়েছে। অভিযানে ৭ সেনা সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

জঙ্গিরা স্কুলটিতে বর্বর হত্যাযজ্ঞ চালায়।এতে নিহত হয়েছে শিক্ষার্থীসহ অন্তত ১৩২ জন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের তথ্যমন্ত্রী মুশতাক গানি জানান, নিহতদের মধ্যে অন্তত ১০০ জন শিক্ষার্থী। আহতের সংখ্যা অন্তত ১২২।

আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সন্তানদের খোঁজ নিতে ভিড় করছেন উদ্বিগ্ন অভিভাবকরা। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ শিক্ষার্থীই মাথা এবং বুকে আঘাত পেয়েছে।

শিক্ষার্থীদের বেশির ভাগই সামরিক বাহিনীর সদস্যদের সন্তান। তাদের অনেকেরই বয়স ১৬ কিংবা তার নীচে।

গত কয়েক বছরের মধ্যে পাকিস্তানে ভয়ংকরতম এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। দেশটির সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

পেশোয়ারে পৌঁছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, “দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল না করা পর্যন্ত এই লড়াই চলবে।” এ ধরনের আক্রমণে মনোবল না হারাতে পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান। তালেবানের মুখপাত্র মুহাম্মদ উমর খোরাসানিকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, “আমরা হামলার জন্য সেনাবাহিনীর স্কুলকে বেছে নিয়েছি, কারণ সরকার আমাদের পরিবার ও নারীদের হামলার লক্ষ্যবস্তু করেছে। আমরা চাই, তারাও ওই ব্যথা অনুভব করুক।”

পাকিস্তানের স্বায়ত্তশাসিত উপজাতীয় অঞ্চল ও খাইবার পাখতুনখাওয়ায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত জঙ্গি গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করতে ২০০৭ সালে একটি জোট হিসেবে তেহরিক-ই তালেবান আত্মপ্রকাশ করে।

কুরআনের নির্দেশনার কঠোর ব্যাখ্যা দিয়ে পাকিস্তানজুড়ে তা বাস্তবায়ন করতে চায় তালেবানরা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে পরিচালিত যৌথবাহিনীকে আফগানিস্তান থেকে হটাতে চায়।

পুরনো খবর:

পাকিস্তানের স্কুলে জঙ্গি হত্যাযজ্ঞ