নারী ট্যাক্সি চালক বাড়াবে ভারত
ভারতে এক নারীর উবার ট্যাক্সি চালকের ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় গণপরিবহণে নারীদের প্রচণ্ড ঝুঁকির বিষয়টি সামনে চলে এসেছে। এর একটি সমাধান হিসাবেই নারীদের জন্য দেশজুড়ে নারী চালক বাড়ানোর কথা ভাবছে ভারত।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় গত বছর থেকে ‘শী ট্যাক্সি’ নামে এক ধরনের ট্যাক্সি সার্ভিস চালু হয়েছে যেগুলোর চালক নারী।
প্রথম দফায় ৪০টি গোলাপী রংয়ের ট্যাক্সি নিয়ে এই সার্ভিস চালু হয়েছে। ট্যাক্সিগুলোর নিরাপত্তায় ‘অয়্যারলেস ট্রাকিং গিয়া র‘ এবং ‘প্যানিক বাটন’ সংযুক্ত করা হয়েছে।
“এখন দেশজুড়ে এই ট্যাক্সি সার্ভিস চালু করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,” রয়টার্সকে একথা বলেন, শী ট্যাক্সি সার্ভিসের প্রধান নির্বাহী পি.টি.এম. সুনীশ।
সম্প্রতি দিল্লিতে মধ্যরাতে অফিস থেকে ফেরার পথে এক নারীকে ধর্ষণ করে অনলাইন ক্যাব কোম্পানি উবার নিয়োজিত এক ট্যাক্সি চালক। এ ঘটনা ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি করে। নয়াদিল্লিতে সব ধরনের ইন্টারনেটভিত্তিক ট্যাক্সি সার্ভিস বন্ধ করার সিদ্ধান্তও নেয় কর্তৃপক্ষ।
সুনিশ বলেন, “দিল্লির ঘটনাটি দেশজুড়ে শী ট্যাক্সির প্রয়োজনীয়তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।”
“২০১৩ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত শী ট্যাক্সিতে করে ২৪ হাজার মানুষ প্রায় ১০ হাজার জায়গায় গিয়েছে। শী ট্যাক্সির চাহিদা এত বেশি যে প্রায় অর্ধেক গ্রাহককে আমাদের ফিরিয়ে দিতে হয়।”
গ্রাহকরাও শী ট্যাক্সিতে ভ্রমণ করতে নিরাপদ বোধ করেন। দিল্লির অধিবাসী ২৫ বছর বয়সী স্বাতী শ্রীকুমার প্রযুক্তিখাতে কাজ করেন। গত সাত মাস ধরে মধ্যরাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় তিনি শী ট্যাক্সি ব্যবহার করছেন।
তিনি বলেন, “শী ট্যাক্সিতে চড়ে আমি নিরাপদ বোধ করি এবং আমার পরিবারও সন্তুষ্ট থাকে। যদি এটা না পাই তবে আমার বাবা-মা আমাকে ক্রমাগত ফোন করতে থাকেন।”
ভারতে যৌন নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে ভারতে অল্প কিছু ফার্ম নারী চালকদের নিয়ে ট্যাক্সি সার্ভিস পরিচালনা করেছে। গণপরিবহনে যৌন নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় দেশজুড়ে নারী ট্যাক্সি চালক বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
সম্প্রতি এক মতামত জরিপে দেখা গেছে, বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ গণপরিবহন ব্যবস্থায় ভারতের অবস্থান চতুর্থ। আর রাতের বেলায় নারীদের নিরাপত্তার দিক দিয়ে ভারত দ্বিতীয় সর্বোচ্চ খারাপ দেশ।
সমাজকর্মী সুসিবেন শাহ ২০১০ সাল থেকে মুম্বাইয়ে নারী চালকদের নিয়ে ‘প্রিয়দর্শিণী ট্যাক্সি’ সার্ভিস চালু করেন। তিনি বলেন, “ট্যাক্সি চালক নারী হলে আপনি কতটা নিরাপদ উবার ঘটনা আবারো সেটার প্রমাণ দিল। জনগণ এখন আরো সচেতন হবে।”দিল্লি এবং ব্যাঙ্গালুরুতেও প্রিয়দর্শিণী ট্যাক্সি সার্ভিস চালু করার কথা ভাবছেন এই সমাজকর্মী।
নারী চালকদের নিয়ে অন্য একটি ট্যাক্সি সার্ভিস ‘শাখা ক্যাবস’ ১৪টি ট্যাক্সি নিয়ে দিল্লিতে কাজ করছে। তারা জয়পুর এবং কলকাতাতেও তাদের সার্ভিস চালু করার কথা ভাবছে।
তবে ভারতের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখনো নারীদের গাড়ি চালনাকে পেশা হিসেবে নিতে খুব একটা দেখা যায় না। এ কারণে নারীদের মধ্যে দক্ষ চালক খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে।
এ ব্যাপারে দেশটির নারী ও শিশু উন্নয়ন অধিদপ্তরের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, উবার ঘটনার পর আরো বেশি সংখ্যক নারীকে গাড়ি চালনার প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
যদিও সমালোচকদের মতে নারী নির্যাতন আইন আরো কঠোর করা হলেই কেবলমাত্র এ সমস্যার সমাধান সম্ভব।
