২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু আলোচনায় চুক্তিতে রাজি প্রতিনিধিরা

পেরুর লিমায় অতিরিক্ত দু’দিনের আলোচনার পর জলবায়ু পরিবর্তন ঠেকানোর উপায় নিয়ে আগামী বছর নতুন-ধাঁচের চুক্তি করার জন্য একটি খসড়া চুক্তিতে রাজি হয়েছে জাতিসংঘ সদস্যদেশগুলোর প্রতিনিধিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 06:01 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

এ চুক্তি অনুযায়ী, সব দেশের সরকারই আগামী বছর ৩১ মার্চের মধ্যে গ্রিন হাউজ গ্যাস নির্গমণের রাশ টেনে ধরার জাতীয় পরিকল্পনা পেশ করবে প্যারিস সম্মেলনে।

লিমায় দুই সপ্তাহের জলবায়ু আলোচনায় গত শুক্রবার শেষ দিনেও কোনো সিদ্ধান্ত বেরিয়ে না আসায় ব্যর্থ হতে চলেছিল সম্মেলন। পরবর্তীতে অতিরিক্তি আলোচনার পর প্রতিনিধিরা আগামী বছর জলবায়ু চুক্তির পট প্রস্তুত করতে এ খসড়া চুক্তিতে রাজি হন।

তবে পরিবেশবাদীরা এর সমালোচনা করে বলেছে, এটি কোনো জোরাল চুক্তি নয়, কার্যকর কিছুও নয়। এতে করে আন্তর্জাতিক জলবায়ু নীতি দুর্বল হয়েছে।

মূলত কার্বন নির্গমন কমানো নিয়ে ধনী ও গরিব দেশগুলোর মধ্যকার প্রতিশ্রুতির সমন্বয় করা নিয়ে বিভেদ থাকায় লিমার জলবায়ু আলোচনায় কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসা কঠিন হয়ে পড়েছিল।

তবে সম্সেলনস্থল থেকে বিবিসি’র এক সংবাদাতা বলেছেন, আলোচনায় অংশ নেয়া ১৯৪ টি দেশ যা চেয়েছিল তার সবই পেয়ে সম্মেলন ত্যাগ করতে পেরেছে তা নয়। তবে প্রত্যেকেই কিছু না কিছু পেয়েছে।

৪৮ ঘন্টা টানা আলোচনার পর রোববার সকালে একটি সিদ্ধান্ত বরিয়ে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন প্রতিনিধিরা।

খসড়া চুক্তিতে সব দেশই আগামী বছর প্রথমার্ধে কার্বন নির্গমন পরিকল্পনা জমা দিতে রাজি হওয়ায় ধনী দেশগুলো স্বস্তি পেয়েছে, যারা চাইছিল বিশ্বের সব দেশই একাজে এগিয়ে আসুক। আবার খসড়ায় কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে ধনী দেশগুলোরই অগ্রগামী ভূমিকা পালনের বিধান থাকায় গরিব দেশগুলোও এতে সন্তোষ প্রকাশ করেছে।