আফগানিস্তানে তালেবানের অব্যাহত হামলায় বহু হতাহত
আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় দেশটির সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা, বেশ কয়েক জন মাইন অপসারণকারী ও দুইজন বিদেশি সেনা নিহত হয়েছেন।
শনিবার আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের সাবেক ঘাঁটি ক্যাম্প বেসশনের কাছে স্থল মাইন নিষ্ক্রিয় করার কাজ করছিলেন মাইন অপসারণকারীরা। বন্দুকধারী তালিবান জঙ্গিরা মোটরসাইকেলে করে এসে তাদের ওপর অতর্কিতে গুলি চালায়। গুলিতে ১২ কর্মী প্রাণ হারায়।
একই দিন রাজধানী কাবুলে নিজ বাড়ি থেকে বেরনোর সময় সুপ্রিম কোর্টের কর্মকর্তা আতিকুল্লাহ রাওফিকে বন্দুকধারীরা গুলি চালিয়ে হত্যা করে।
কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র বলেন, “বাড়ি থেকে বের হওয়ার সময় বন্দুকধারীরা আতিকুল্লাহ রাওফিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। রাওফিকে হত্যার দায় স্বীকার করলেও কেন তাকে হত্যা করেছে এ ব্যাপারে তালেবানরা কিছু জানায়নি।
শনিবার বিকালে কাবুলের পশ্চিমাঞ্চলে অন্য একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের বাগরাম বিমানঘাঁটির কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিদেশি সেনাদের বহনকারী একটি গাড়িতে আঘাত করলে দুই সেনা নিহত হয়।
শনিবার যৌথবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “আফগানিস্তানের পূর্বাঞ্চলে শত্রুবাহিনীর হামলায় আন্তর্জাতিক বাহিনীর দুই সদস্য মারা গেছেন।”
২০০১ সালে তালেবান সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী। এ বছর জোটবাহিনীর বেশির ভাগ সেনাসদস্য আফগানিস্তান ছেড়ে চলে গেছে।
গত কয়েক সপ্তাহে রাজধানী কাবুলসহ পুরো আফগানিস্তানে জঙ্গি হামলা অনেক বেড়ে গেছে। ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে একটি নাটক পরিবেশনের সময় আত্মঘাতী বোমা হামলায় একজন জার্মান নাগরিক মারা গেছেন।
