জলবায়ু আলোচনায় ‘ধনী-গরিব বিভাজন’ এখনো আছে
পেরুর রাজধানী লিমায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের শেষ দিনেও দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে কোন সিদ্ধান্ত আসেনি।
কার্বন নির্গমন কমানো নিয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যকার বিভাজন এখনো না কাটায় বিশ্ব জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার দিকে এগিয়ে যাওয়ার মুখে রয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
১৯৯২ সালে জলবায়ু বিষয়ক সম্মেলনে বিভেদ দেখা দিয়েছিল ধনী আর গরিব দেশগুলোর মধ্যে৷ তখন বলা হয়েছিল, কার্বন নির্গমন কমানোর দায়িত্ব শুধু ধনী দেশগুলোর৷
এখন পর্যন্ত ধনী দেশগুলোই গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাসের প্রতিশ্রুতি পূরণে বাধ্য। কিন্তু গরিব দেশগুলোর ওপর এ ধরনের বাধ্যবাধকতা নেই। গত বছর সব দেশই সবার জন্য গ্রহণযোগ্য একটি জলবায়ু চুক্তিতে রাজি হলেও এখনো দুপক্ষের মধ্যে প্রাচীর রয়ে গেছে।
গত মাসে জলবায়ু পরিবর্তন রোধে কঠোর ব্যবস্থা নেয়ার ব্যাপারে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হলেও অনেক দরিদ্র দেশই এখনো বলছে, ওয়াশিংটন প্রতিশ্রুতি অনুযায়ী তেমন কোনো ব্যবস্থা নেয়নি।
লিমায় জলবায়ু সম্মেলনে ১৯২টি দেশের কর্মকর্তারা গত ১১ দিন ধরে আলোচনা করেছেন৷ শুক্রবার ছিল সম্মেলনের শেষ দিন। কর্মকর্তাদের লক্ষ্য আগামী বছরের শেষে প্যারিসে অনুষ্ঠেয় সম্মেলনে একটি চুক্তির আশায় খসড়া তৈরি করা৷ কিন্তু এই প্রক্রিয়ায় বাধা হয়ে দেখা দিয়েছে ধনী ও গরিব দেশগুলোর এ বিভেদ৷
কারণ, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এখন চাইছে গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাসে সব দেশেই একইরকম বাধ্যবাধকতার আওতায় আসুক। কার্বন নির্গমনে সবাইকে এগিয়ে আসতে হবে বলে দাবি করছে ধনী দেশগুলো।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ‘‘কার্বন নির্গমন কমানো সবার দায়িত্ব৷ কারণ সম্মিলিতভাবে যে কার্বন নির্গত হয় তা পরিবেশের জন্য ক্ষতিকর৷ কোনো একটি বিশেষ দেশ থেকে যেটি নির্গত হয়, শুধু সেটিই নয়৷''
তিনি বলেন, “বিশ্ব এখনো ভয়ঙ্কর ভবিষতের মুখে দাঁড়িয়ে। কোন দেশকেই এখন আর ছাড় দেয়া উচিত নয়। এটি খুবই জরুরি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।”
“আমি জানি উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি কঠিন হবে। আমাদের মনে রাখতে হবে বর্তমানে অর্ধেকের বেশি কার্বন উন্নয়নশীল দেশগুলো থেকে নির্গত হয়। তারা যেভাবে কাজ করছে সেটিও বিবেচনা করা খুবই জরুরি।”
