জাকার্তা পোস্ট সম্পাদকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ
ইন্দোনেশিয়ায় ইসলামিক স্টেটকে (আইএস) ব্যাঙ্গ করে কার্টুন ছাপার কারণে‘ দ্য জার্কাতা পোস্ট’ এর প্রধান সম্পাদকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মানহানির মামলা হয়েছে।
কার্টুনে দেখা যায়, আইএস’র পতাকার মতো দেখতে একটি পতাকা যেখানে আরবিতে লেখা আছে ‘লা ইলাহা ইল্লাললাহ’ (আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই)’ এবং একটি মাথার খুলি ও আড়াআড়ি করে রাখা হাড়।
মুসলিমদের জন্য খুবই পবিত্র এ কথাটিকে ওই কার্টুনে ব্যাঙ্গাত্মক ভাবে উপস্থাপন করে ইসলাম ধর্মের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
যদিও পত্রিকাটির পক্ষ থেকে ওই কার্টুনকে ‘জার্নালিস্টিক পিস’ বলে বর্ণনা করা হয়েছে।
‘দ্য পোস্ট’ এর পক্ষ থেকে বলা হয়, “সহিংস কার্যক্রম চালাতে গিয়ে ধর্মীয় প্রতীক ব্যবহারের সমালোচনা করতে গিয়েই ওই ধরনের কার্টুন ছাপা হয়েছে।”
৩ জুলাই প্রকাশিত কার্টুনটিতে আইএস’র মূল পতাকাটি গোলাকারে দেখানো হয় এবং তার ওপর মাথার খুলি ও আড়াআড়ি করে রাখা হাড়ের ছবি ছিল। ওই ছবির ফাঁক দিয়েই ‘লা ইলাহা ইল্লাললাহ’ বাক্যটি দেখা যাচ্ছে। সেই সঙ্গে আল্লাহ ও মুহাম্মদ শব্দ দুটিও দেখা যাচ্ছে।
যদিও ‘বুঝতে ভুল হয়েছে’ বলে দুঃখ প্রকাশ করে ‘দ্য পোস্ট’ এর পক্ষ থেকে পরে এ জন্য ক্ষমা প্রর্থনা করা হয় এবং ৮ জুলাই কার্টুনটি প্রত্যাহার করা হয়।
বৃহস্পতিবার পত্রিকাটির প্রধান সম্পাদক মেইদিয়াতামা সুরিওদিনিগরাতকে ধর্ম অবমাননার অভিযোগে পুলিশ ডেকে পাঠায়।
ওই দিনই পত্রিকাটির পক্ষ থেকে এক বিবৃতিতে বল হয়, “আমরা বিস্মিত, কারণ আমাদের বিরুদ্ধে যে অপরাধমূলক কাজ করার অভিযোগ আনা হয়েছে সেটা আদতে আমরা করিইনি।”
“আমরা যা করেছি সেটি আসলে সাংবাদিকের ভাষায় আইএসআইএল এর কার্যক্রম নিয়ে সমালোচনা। সংগঠনটি ধর্মের নামে নিষ্ঠুর নির্যাতন করছে। আইএসআইএস এর ব্যঙ্গচিত্র ধর্ম অবমাননা হতে পারে না।”
ওদিকে, পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় পুলিশের কড়া সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এ ঘটনা জাকার্তার প্রেসিডেন্টে জোকো উদোদোর বিপক্ষে যাবে বলে মনে করছে সংগঠনটি।
পুলিশের মুখপাত্র বিবিসি’কে জানায়, আগামী সপ্তাহে সম্পাদকের বিরুদ্ধে সমন জারি করা হতে পারে।
যদি আদালতে ধর্ম অবমাননার অভিযোগ প্রমাণিত হয় তবে তার পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
