গান্ধীর হত্যাকারীর প্রশংসা, বিতর্কে বিজেপি এমপি
ভারতে এক এমপি’র বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই ফের বিতর্কে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)আরেক এমপি। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন এমপি সাক্ষী মহারাজ।
ব্যাপক সমালোচনার মুখে এরই মধ্যে বিষয়টি নিয়ে পার্লামেন্টে ক্ষমা চাইলেও বিরোধীদল কংগ্রেস পার্টিকে আক্রমণ করে কথা বলায় আরো ক্ষোভের মুখে পড়েছেন মহারাজ।
এ মাসের শুরুর দিকে এক জনসভায় অশালীন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি এমপি সাধ্বী নিরঞ্জন জ্যোতি। সেই রেশ না কাটতেই আবার উত্তর প্রদেশেরই আরেক বিজেপি এমপি বিতর্কে জড়ালেন।
ভারতে অহিংস আন্দোলনের জনক গান্ধীকে ১৯৪৮ সালে হত্যা করেন কট্টরপন্থি হিন্দু নাথুরাম গডসে।
তার প্রশংসায় বৃহস্পতিবার পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে সাক্ষী মহারাজ বলেন, “গডসে হয়ত ভুল করে কিছু করে ফেলেছেন। কিন্তু তিনি দেশদ্রোহী ছিলেন না। তিনি আসলে দেশপ্রেমিক ছিলেন।”
তার এ মন্তব্যের পরই গোটা দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। অস্বস্তিতে পড়েছে বিজেপি’র নেতৃত্ব।
পরিস্থিতি সামলাতে শুক্রবার নিজেই উদ্যোগী হয়ে মহারাজ পার্লামেন্টের নিম্নকক্ষে বলেছেন, তিনি তার এ মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছেন। “আমি গান্ধীকে শ্রদ্ধা করি। পার্লামেন্টকে শ্রদ্ধা করি”, বলেন তিনি।
কিন্তু একইসঙ্গে তিনি বিরোধীদল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “কংগ্রেস ১৯৮৪ সালে শিখ-বিরোধী দাঙ্গার সময় গান্ধীর আদর্শের মৃত্যু ডেকে এনেছে।”
সঙ্গে সঙ্গে মাহারাজের এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেসের এমপি’রা। ওদিকে, সরকার মহারাজের মন্তব্য নিয়ে কোনো উচ্চবাচ্চ করেনি।
