কনফুসিয়াস পুরস্কার পেলেন ফিদেল কাস্ত্রো
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো চীনের কনফুসিয়াস শান্তি পুরস্কার অর্জন করেছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার বেইজিং-এর পিকিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি হয়।
চীনে অবস্থানকারী কিউবার ছাত্ররা কাস্ত্রোর পক্ষে এই পুরস্কার গ্রহণ করেছেন।
পুরস্কার গ্রহণের এই অনুষ্ঠানে ফিদেল কাস্ত্রো উপস্থিত থাকতে পারেননি।
এই পুরস্কার প্রবর্তনকারী সহপ্রতিষ্ঠাতা লিউ জিকিন বলেন, “কিউবার নেতা হিসেবে তিনি যখন বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেই সময়ও তিনি কোন সমস্যা সমাধানে সেনাশক্তি ব্যবহার করেননি বা সহিংসতার পথে হাঁটেননি কিংবা সমর্থন করেননি।”
প্রাচীন চীনা নীতিবাদী দার্শনিক কনফুসিয়াসের নামে ২০১০ সাল থেকে এই পুরস্কার প্রবর্তন করা হয়।
২০১০ সালে চীনে কারান্তরীণ ভিন্নমতাবলম্বী লেখক লিও জিয়াবাও শান্তি পুরস্কার পাওয়ার পর এই পুরস্কার প্রবর্তন করা হয়।
পুরস্কারটিকে নোবেল পুরস্কারের বিকল্প হিসেবে দেশটি তুলে ধরতে চাইছে।
ইতোপূর্বে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পুরস্কার পেয়েছেন।
সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্যদিয়ে কিউবার শাসনক্ষমতায় অধিষ্ঠিত হন ফিদেল কাস্ত্রো। অর্ধশতাব্দী কিউবা শাসন করার পর ২০০৮ সালে শারীরিক অসুস্থতার কারণে ছোটভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা অর্পন করে সরে দাঁড়ান তিনি।
বর্তমানে ৮৮ বছর বয়সী ফিদেল কাস্ত্রো অনেকটা নিভৃত জীবনযাপন করছেন।
