২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাল্টিক সাগরে নজিরবিহীন তৎপরতা চালাচ্ছে রাশিয়া’

বাল্টিক সাগর অঞ্চলে রাশিয়ার নৌ এবং বিমান বাহিনী এ সপ্তাহে ‘নজিরবিহীন’ তৎপরতা চালিয়েছে বলে অভিযোগ করেছে পোল্যান্ড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 12:38 AM

Updated : 22 Aug 2022, 08:05 PM

তবে এতে হামলা হওয়ার ঝুঁকি নেই। নেটো জোটের প্রতিরক্ষাব্যবস্থা পরীক্ষা করতেই এ তৎপরতা চলছে বলে জানিয়েছে দেশটি।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী টোমাজ সিয়েমোনিয়াক বলেছেন, বেশিরভাগ সামরিক কর্মকান্ডই চলেছে আন্তর্জাতিক পানি এবং আকাশসীমায়। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সুইডেনে।

বাল্টিক রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাজ্যসহ নেটোর মিত্রদেশগুলোর জঙ্গিবিমান ওই অঞ্চলে রাশিয়ার বিমানগুলোর ওপর নজরদারি মিশনে রয়েছে। ইউক্রেইনের লড়াই অঞ্চলটিতে উত্তেজনা বাড়িয়েছে।

সিয়েমোনিয়াক বলেন, রাশিয়া হামলার প্রস্তুতি নিচ্ছে না। কিন্তু তারা নেটোর প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করছে। তাদের এ তৎপরতা ভাল সম্পর্ক এবং আস্থা অর্জনে সহায়ক নয়।

বাল্টিকে সাবেক তিন সোভিয়েত রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া ২০০৪ সালে নেটোতে যোগ দেয়।

পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সেনা ও অস্ত্র সহায়তা দিয়ে সংঘর্ষ বাড়ানোর জন্য রাশিয়াকে দোষারোপ করে আসছে নেটো এবং ইউক্রেইন। রাশিয়া এ অভিযোগ অস্বীকার করলেও বলেছে, স্বেচ্ছাসেবী রুশরা বিদ্রোহীদের সহায়তা করছে।

লন্ডনভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ইউরোপীয়ান লিডারশীপ নেটওয়ার্কের একটি পর্যেষণার পর রাশিয়ার সামরিক তৎপরতা বাড়ার এ খবর এল। লিডারশীপ নেটওয়ার্ক সম্প্রতি কয়েকমাসে রাশিয়ার ৪০ টি সামরিক তৎপরতার বিস্তারিত বর্ণনা দিয়েছে। এর মধ্যে ১১ টি ঘটনা অনেক আগ্রাসী এবং উস্কানিমূলক ছিল। এতে উত্তেজনা বেড়ে যাওয়ার চরম ঝুঁকিও ছিল।

একটি ঘটনায় কোপেনহেগেন থেকে উ্ড্ডয়ন করা একটি এসএএস যাত্রীবাহী বিমান রাশিয়ার একটি নজরদারি বিমানের সঙ্গে প্রায় টক্কর খেতে বসেছিল। সে যাত্রায় কোনোরকমে রক্ষা পায় বিমানিটি।