মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে ভারতে এক ভারতীয়
ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনীত রিচার্ড রাহুল ভার্মা যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেয়েছেন।
মঙ্গলবার ‘সিনেট ফরেইন রিলেশন্স কমিটি’ কন্ঠভোটে এ অনুমোদন দেয়। এর ফলে প্রথম একজন ভারতীয়-আমেরিকান ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করতে চলেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন রিচার্ড ভার্মা। তার এ নিয়োগে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যকার চলমান সম্পর্ক আরো জোরদার হবে।
বুধবার বিডিনিউজ’কে দেয়া এক বিবৃতিতে একথা বলেছেন, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ‘ফরেইন রিলেশন্স কমিটি’র প্রভাবশালী সদস্য (ডেমক্র্যাট) গ্রেস মেং।
নিউ ইয়র্কে ভারতীয়-আমেরিকানরাও আনন্দ প্রকাশ করে বলেছেন, “এ এক ঐতিহাসিক ঘটনা”।
হোয়াইট হাউজ এবং পররাষ্ট্রমন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন ভারতীয়-আমেরিকানরা। তবে নয়াদিল্লিতে এই প্রথম দায়িত্ব নিচ্ছেন একজন ভারতীয়-আমেরিকান।
এ বছরে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে প্রেসিডেন্ট ওবামা রিচার্ড ভার্মার নাম প্রস্তাব করেছিলেন।
এর আগে ১৯ নভেম্বর ইউএস সিনেট বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকেটকে অনুমোদন দিয়েছে। এর আগে ২২ মে মার্কিন প্রেসিডেন্ট ওবামা বার্নিকেটকে মনোনীত করেছিলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন বছরের শুরুতেই ভার্মা এবং মিসেস বার্নিকেট কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন।
