২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিহাদি সহিংসতায় নভেম্বরে নিহত ৫ হাজার’

শুধু নভেম্বর মাসেই বিশ্বব্যাপী জিহাদি সহিংসতায় ৫ হাজার মানুষ নিহত হয়েছেন বলে সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 12:45 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) পরিচালিত ও বৃহস্পতিবার প্রকাশিত এই সমীক্ষার ফলাফলে জানা গেছে, সবচেয়ে বেশি জিহাদি সহিংসতা কবলিত চারটি দেশ ইরাক, নাইজেরিয়া, আফগানিস্তান ও সিরিয়ায় এদের ৮০ শতাংশ নিহত হয়েছেন।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অফ র্যা ডিক্যালিসেশন (আইসিএসআর) এর সহযোগিতায় চালানো অনুসন্ধানে নভেম্বরে ১৪টি দেশে ৬৬৪টি জিহাদি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।

এক মাসে জিহাদি সহিংসতার বলি কতো আর এ ধরনের সহিংসতার তাৎক্ষণিক ছবিটাই বা কী, তা তুলে ধরতেই এ অনুসন্ধান চালানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এতে দেখা গেছে, আল কায়েদা বা এই ধারা থেকে উৎপত্তি হওয়া একই আদর্শের গোষ্ঠীগুলোর সহিংসতায় নভেম্বরে প্রতি ঘণ্টায় প্রায় সাতজন নিহত হয়েছেন। অনুসন্ধানে প্রতিদিন গড়ে এ ধরনের ২২টি হামলার ঘটনা ঘটেছে এবং এতে ১৬৮ জন করে নিহত হয়েছেন বলে জানা গেছে। সিরিয়া ও ইরাকে লড়াইরত এক ইসলামি স্টেটের (আইএস) জঙ্গিদের হাতেই নিহত হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ। হিসাব অনুযায়ী নভেম্বর মাসে মোট নিহত হয়েছেন ৫,০৪২ জন। এদের মধ্যে ২,০৭৯ জন বেসামরিক, সামরিক ১,৭২৩ জন এবং প্রায় ১,০০০ জন জঙ্গি। এদের মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছেন ইরাকে। সবচেয়ে বেশি হামলার ঘটনাও দেশটিতে ঘটেছে এবং মোট সংখ্যার এক তৃতীয়াংশ এ দেশটিতে নিহত হয়েছেন। এরপর সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন নাইজেরিয়ায়। দেশটির এসব হত্যাকাণ্ডের জন্য জিহাদি গোষ্ঠী বোকো হারামকে দায়ী করা হয়। তালেবানের সহিংসতা আফগানিস্তানকে এ তালিকার তৃতীয় প্রাণঘাতী দেশে পরিণত করেছে। গৃহযুদ্ধ ও আইএস’র তৎপরতা সত্বেও তুলনামূলকভাবে সিরিয়ায় অপর দেশগুলো থেকে কম মানুষ নিহত হয়েছেন।