২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিউইয়র্ক পুলিশের

পুলিশী সহিংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার মাঝেই দরিদ্র ও সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মধ্যে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি জানিয়েছেন নিউ ইয়র্কের পুলিশ প্রধান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 05:31 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

নিউ ইয়র্কে এক ব্যবসায়ী সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন পুলিশ কমিশনার উইলিয়াম ব্রাটন। তিনি বলেন, কাউকে গ্রেপ্তার করার সময় কীভাবে কাজ করতে হবে তা পুলিশ সদস্যদের পুনরায় প্রশিক্ষণ দেবে পুলিশ বিভাগ।

তিনি জানান, আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভরতদের বিরুদ্ধে সংঘর্ষে না জড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নিয়েছেন তিনি।

ঘাড়ের পেছনে হাত রাখতে বাধ্য করে গ্রেপ্তারের সময় নিউ ইয়র্কে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ না আনার আদালতের সিদ্ধান্তে নিউ ইয়র্কজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল।

এর আগে মিজৌরির ফার্গুসনে নিরস্ত্র অপর এক কৃষ্ণাঙ্গ তরুণকে হত্যার ঘটনায়ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনার সিদ্ধান্ত দিয়েছিল আদালত।

এ ঘটনা দুটির প্রেক্ষিতে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের সংগে তার বিভাগের সম্পর্ক ততোটা ঘনিষ্ঠ নয় বলে স্বীকার করেছেন কমিশনার ব্রাটন।

তিনি বলেন, “বাস্তবতা হচ্ছে, যাদের পুলিশকে সবচেয়ে বেশি প্রয়োজন সেই সম্প্রদায়গুলোর সঙ্গেই পুলিশের দূরত্ব রয়ে গেছে। বাস্তবিক এরা পরস্পরের সহযোগীও হতে পারে।”

এদিনও বার্কলি, কলম্বিয়া, ফোনিক্সসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় কৃষ্ণাঙ্গদের অধিকারের দাবিতে এবং আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।