চীনের সাবেক শীর্ষ কর্মকর্তার আজীবন কারাদণ্ড
চীনের শীর্ষ পরিকল্পনা সংস্থার সাবেক উপপ্রধান লিউ তাইয়েনানকে ঘুষ গ্রহণের অভিযোগে আজীবন কারাবাসের দণ্ড দিয়েছে আদালত।
বুধবার চীনের হেবেই প্রদেশের ল্যাংফ্যাং শহর আদালত এ রায় ঘোষণা করে।
লিউ “জাতীয় কর্মীদের দায়িত্বের শৃ্ঙ্খলা লঙ্ঘণ করেছেন” বলে রায়ে ঘোষণা করেছেন বিচারক।
২০১৩ সালে চীনের ন্যাশনাল ডেভলপমেন্ট এন্ড রিফর্ম কমিশনের (এনডিআরসি) উপপ্রধান লিউকে তার মন্ত্রী পদমর্যাদার পদ থেকে অপসারণ করা হয়েছিল।
২০১২ সালের শেষ দিকে শি জিনপিং চীনা কমিউনিস্ট পার্টির প্রধান হওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেন।
কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে বড় দুর্নীতিবিরোধী এই অভিযানে মন্ত্রী পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রথম তদন্তের মুখোমুখি হন লিউ।
দুর্নীতির ব্যাপক প্রসারের কারণে চীনে কমিউনিস্ট পার্টির শাসনের প্রতি হুমকি তৈরি হয়েছিল বলে মনে করেন শি।
অভিযানের শুরুতেই উচ্চপদস্থ “বাঘ” ও নিম্নপদস্থ “মাছি” সবার বিরুদ্ধে তদন্ত হবে বলে জানিয়ে দিয়েছিলেন তিনি।
বিভিন্ন বহুজাতিক কোম্পানি থেকে ৫৭ লাখ ৪০ হাজার ডলার ঘুষ নেয়ার জন্য লিউ ও তার ছেলে লিউ দেচেংকে অভিযুক্ত করা হয়।
টয়োটাসহ ওষুধ কোম্পানি, বিমান পরিবহন কোম্পানি ও মেডিকেল যন্ত্রপাতি নির্মাণ কোম্পানি থেকে বিপুল পরিমাণ ঘুষ নেয়ার কথা আদালতে স্বীকার করেন ৬০ বছর বয়সী লিউ।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে রায়ের পর লিউকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
১০ মাস ধরে তদন্ত চলাকালে তিনি “নিদারুণ অনুতাপে দগ্ধ হচ্ছিলেন” বলে জানিয়েছেন লিউ।
তিনি বলেছেন, “প্রতিটি তদন্ত ও প্রতিটি শব্দ আমার অস্তিত্বে কশাঘাত করেছে।”
চীনের আইন অনুযায়ী দুর্নীতির দায়ে কেউ দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড দেয়ার বিধান আছে।
কিন্তু সরকারি আইনজীবী জানিয়েছেন, তদন্ত চলাকালে প্রমাণ হস্তান্তরের ক্ষেত্রে তদন্তকারীদের সহযোগিতা করেছেন লিউ, তাই আদালতের কাছে শাস্তি কমানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
