২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮ লাখ ডলারে বিক্রি হল নোবেল পদক

ডিএনএ’র গঠন উন্মোচন করে পাওয়া মার্কিন প্রফেসর জেমস ওয়াটসনের নোবেল পুরস্কারের পদকটি নিলামে ৪৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 03:29 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

এই প্রথমবারের মতো কোন নোবেল লরিয়েট নিজের জীবদ্দশাতেই নোবেল পদক নিলামে বিক্রি করেছেন।

নিলামকারী প্রতিষ্ঠান এই পদকের মূল্য ২৫ থেকে ৩৫ লাখ মার্কিন ডলার হতে পারে বলে আভাস দিলেও এটি ধারণাতীত মুল্যেই বিক্রি হয়েছে।

১৯৬২ সালে ওয়াটস, মুরিচ উইকিনস এবং ফ্রান্সিস ক্রিক ডিএনএ’র গঠন উন্মোচন করে নিজেদের অবদানের স্বীকৃতি স্বরূপ যৌথভাবে নোবেল পুরস্কার পান। তাদের প্রত্যেককেই সোনার পদক দেয়া হয়।

প্রফেসর ওয়াটসনের বরাতে বিবিসি বলছে, বিজ্ঞান গবেষণার জন্য তিনি এই অর্থ দান করবেন। তিনি জানান, এই নিলাম থেকে পাওয়া অর্থ অংশ যাবে ইউনিভার্সিটি অব শিকাগো, ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্ল্যারে কলেজ, কোল্ড স্প্রিং হারবোর ল্যাবরেটরি, লং আইল্যান্ড ল্যান্ড ট্রাস্ট এবং আরো বেশকিছু দাতব্য প্রতিষ্ঠানে।

২০১৩ সালে ফ্রান্সিস ক্রিকের নোবেল পদক ২২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। তিনি ২০০৪ সালে মারা যান।