২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট্ট শিশুর ওপর গৃহকর্মীর অমানুষিক নির্যাতন

উগান্ডায় এক নারী গৃহকর্মীর বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। বাড়িতে লুকানো ক্যামেরায় ওই নির্যাতনের ভয়াবহ দৃশ্য ধরা পড়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 08:11 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

ভিডিওতে দেখা যায়, ২২ বছর বয়সী জলি টুমুহিরউই ১৮ মাস বয়সী একটি মেয়ে শিশুকে পেটাচ্ছে এবং লাথি মারছে।

নির্যাতনের ওই ভিডিও অনলাইনে ব্যাপক হারে ছড়িয়ে পড়ার পর সারা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে।

ছোট্ট মেয়েটিকে খোঁড়াতে দেখে এবং সারা শরীরে আঘাতের চিহ্ন দেখে তার বাবা এরিক কামানজি ঘরে একটি গোপন ক্যামেরা লাগান।

লিভিং রুমে কোণায় লাগানো ওই ক্যামেরার ফুটেজে দেখা যায়, শিশুটি খেতে না চাইলে টুমুহিরউই প্রথমে শিশুটিকে আঘাত করে, এরপর মেঝেতে ছুঁড়ে ফেলে শিশুটির ওপর পা চড়িয়ে তাকে লাথি দিতে থাকে। তারপর একটি টর্চ দিয়ে সে শিশুটিকে পেটায়।

ভিডিওটি দেখার পর শিশুটির বাবা ১৩ নভেম্বর ঘটনাটি পুলিশকে জানান।

আদালতে টুমুহিরউইর পক্ষে কোন আইনজীবী ছিলেন না। উগান্ডার বিখ্যাত একজন আইনজীবী টুমুহিরউইর পক্ষে লড়াই করতে চাইলেও আদালতকে তা আনুষ্ঠানিকভাবে না জানানোয় ম্যাজিস্ট্রেট ওই আবেদন বাতিল করে দেন।

শিশু নির্যাতনের অভিযোগে টুমুহিরউইর ১৫ বছরের কারাদণ্ড বা ৪০০ মার্কিন ডলার জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে।

নিজের অপরাধের জন্য টুমুহিরউই আদালত, শিশুটির বাবা-মা এবং উগান্ডার জনগণের কাছে ক্ষমা চান। এ সময় আদালতকক্ষে উপস্থিত শিশুটির বাবা কান্নায় ভেঙে পড়েন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিবিসি’কে জানান, টুমুহিরউই কান্ড নিয়ে তদন্ত চলছে। আপাতত তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ নয় বরং নির্যাতন বিরোধী আইনে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।