২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ফের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের বার্কলি ও সিয়াটল শহরে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর দেশটির পূর্ব উপকূলের শহরগুলোতে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Dec 2014, 03:17 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

রোববার সারাদিনই এই এলাকায় বিক্ষোভ সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।

মিজৌরির ফার্গুসনে ১৮ বছরের নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণকে গুলি করে হত্যায় সংশ্লিষ্ট শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনার আদালতের সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরই মধ্যে নিউইয়র্কে পুলিশের অসর্তকতায় আরেক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রেও অপর একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতের অভিযোগ না আনার সিদ্ধান্তে আগের ক্ষোভে নতুন ইন্ধন যুক্ত হয়।

চলতি বছরের জুলাইয়ে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা নিউইয়র্কে রাস্তায় ফেলে ঘাড়ের পেছনে হাত দিয়ে চেপে ধরে কৃষ্ণাঙ্গ এরিক গার্নারের দেহ তল্লাশির সময় তার মৃত্যু হয়েছিল।

এই দুটি ঘটনার ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে “কৃষ্ণাঙ্গদের জীবনও গুরুত্বপূর্ণ” এই স্লোগানে রাস্তায় নেমে আসে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ সব বর্ণের নাগরিকরা।

বুধবার নিউইয়র্কের ঘটনার রায় ঘোষণার পর থেকে নিউইয়র্ক ও দেশটির অন্যান্য শহরে নিয়মিত বিক্ষোভ হয়েছে।

এরিকের শেষকৃত্যের পর নিউইয়র্কের পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত হয়ে এলেও লুটপাট ও পাথর নিক্ষেপের জের ধরে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পরিস্থিতি অশান্ত হয়ে উঠে। অন্যান্য এলাকায় প্রতিবাদের শান্তিপূর্ণ মেজাজ বজায় থাকে।

রোববার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে জড়ো হওয়ার পর পাঁচশ থেকে ছয়শ বিক্ষোভকারী বার্কলির প্রধান সড়ক ধরে বিক্ষোভ মিছিল শুরু করে। তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জেন কোটস্।

এর আগে শনিবার সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও শেষ হয় বিক্ষোভকারী-পুলিশের সংঘর্ষের মধ্যে দিয়ে। এতে এক পুলিশ কর্মকর্তা সামান্য আহত হন। ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিক্ষোভকারীদের একটি অংশ দাঙ্গা বাধানোর উদ্দেশ্য নিয়ে রাস্তায় নামে বলে মন্তব্য করেছেন কোটস।

রোববার সন্ধ্যায় সিয়াটলে প্রায় ২শ বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। তারা ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ করে পাথর ছুঁড়ে মারে ও পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

এখান থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগের দিন এক হাজারেরও বেশি বিক্ষোভকারী এখানে প্রতিবাদ মিছিল করে।

এছাড়া নিউইয়র্ক, শিকাগো, মিয়ামি, ডেট্রয়েট, অকল্যান্ড, ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।

শিকাগোর বিক্ষোভকারীরা “আমি নিঃশ্বাস নিতে পারছি না”, “হাত তোল, গুলি করো না” লেখা সম্বলিত ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।