২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কের কাছে ইসরায়েলি বিমান হামলা

ইসরায়েলি জঙ্গি বিমানগুলো সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ও লেবানন সীমান্তের দিমাস টাউনে বোমা বর্ষণ করেছে বলে জানিয়েছে সিরিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Dec 2014, 10:08 AM

Updated : 25 Apr 2022, 05:05 PM

রোববার সিরিয়ার রাষ্ট্রিয় টেলিভিশনে এ সংবাদ জানানো হয়েছে।

সংবাদে বলা হয়েছে, “ইসরায়েলি শত্রুরা সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে। তারা দামেস্ক প্রদেশের দুটি নিরাপদ এলাকা, দিমাস ও দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা চালিয়েছে।”

এ হামলায় কেউ হতাহত হয়নি বলে সংবাদে দাবী করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, তিনি “বিদেশি প্রতিবেদন” সম্পর্কে কোনো মন্তব্য করবেন না।

রাষ্ট্রিয় টেলিভিশনে সিরীয় সেনাবাহিনীর জেনারেল কমান্ড বলেছে, “হামলায় কিছু স্থাপনায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।”

এ হামলার ফলে আল কায়েদা লাভবান হয়েছে বলে দাবী করেছে জেনারেল কমান্ড।

দামেস্কের বাসিন্দারা জানিয়েছেন, তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। দেশটির সরকার বিরোধী আন্দোলনকারীরা অনলাইনে সন্ধ্যার আকাশে জঙ্গিবিমানের রেখে যাওয়া ধোঁয়ার রেখার ও বিস্ফোরণের কারণে সৃষ্ট অগ্নিকুণ্ডের ছবি পোস্ট করেছেন।

সিরিয়ার রাষ্ট্রিয় বার্তা সংস্থা এসএএনএ’তে ইসরায়েলি হামলাকে “নীতিহীন পদক্ষেপ” বলে নিন্দা জানানো হয়েছে।

ওদিকে ইসরায়েলি জঙ্গিবিমানগুলো লেবাননের আকাশসীমা লঙ্ঘণ করেছে বলে রোববার জানিয়েছে লেবাননের সরকারি বার্তা সংস্থা।

দিমাস’র ‘কৃষি’ বিমানবন্দরে হামলা হয়েছে বলে জানিয়েছে ওই এলাকার এক বাসিন্দা।

দিমাস টাউনটি একটি পার্বত্য এলাকায় অবস্থিত। সিরীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এই এলাকায় বেশ কয়েকটি সেনা স্থাপনা রয়েছে।

সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী গোষ্ঠি ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, দিমাস’র কাছে ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, আর দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি-রপ্তানি কাছে ব্যবহৃত একটি গুদামে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর গত তিন বছরে ইসরায়েল বেশ কয়েকবার সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। সাধারণত ইসরায়েলি এসব হামলা সিরিয়ার অস্ত্র গুদামগুলো লক্ষ্য করেই চালানো হয়েছে।