পাকিস্তানে শীর্ষ আল কায়েদা নেতা নিহত
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার একজন শীর্ষনেতাকে হত্যা করা হয়েছে।
দেশটির সেনাবাহিনী শনিবার এই তথ্য জানিয়েছে।
ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, আদনান আল শুকরিজুমা উত্তর ওয়াজিরিস্তান থেকে দক্ষিণ ওয়াজিরিস্তানে গিয়ে একটি বাড়িতে আত্মগোপন করেছিলেন। চলমান ‘জার্ব-ই-আজাব’ অভিযানে তিনি নিহত হন।
তার সঙ্গে স্থানীয় সহযোগীরাও অভিযানে নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, আদনান আল শুকরিজুমা আল কায়েদার মূল নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। পাকিস্তানের বাইরে এই সন্ত্রাসী গোষ্ঠীটির চালানো সব ধরনের হামলার নেতৃত্বে ছিলেন তিনি।
অভিযান চলাকালে এক সেনা সদস্য নিহত ও অপর এক সদস্য আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
চলতি বছরের জুন থেকে পাকিস্তান সেনা বাহিনী উত্তর ওয়াজিরিস্তানে বিদেশি ও স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জার্ব-ই-আজাব’ অভিযান শুরু করে।
