ম্যান্ডেলার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ আফ্রিকাজুড়ে নানা অনুষ্ঠানে স্মরণ করা হয়েছে বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে।
বিবিসি জানায়, অনুষ্ঠানের মধ্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং ক্রিকেট খেলাও ছিল।
কিংবদন্তী নেতা ম্যান্ডেলার স্মরণে তিন মিনিট নিরবতা পালনের আগে দেশজুড়ে সাইরেন ও ভুভুজিলার আওয়াজ পাওয়া গেছে।
প্রেটরিয়ায় ম্যান্ডেলার ৩০ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তির পায়ে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল।
ম্যান্ডেলার স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে বর্ণবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী অনেক প্রবীণ ব্যক্তি অংশ নিয়েছেন।
গ্রাসা ম্যাশেল বলেন, “মাদিবা হয়ত আমাদের ছেড়ে চলে গেছেন; কিন্তু তার আদর্শ কখনও বদলায়নি, এমনকি শেষ পর্যন্তও বদলায়নি।”
“এখন ম্যান্ডেলার চিন্তা ও আদর্শকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে সবাইকে”, বলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ম্যান্ডেলা ২০১৩ সালের ৫ ডিসেম্বর ৯৫ বছর বয়সে মারা যাওয়ার পর বিশ্বজুড়ে গভীর শোকের বহিঃপ্রকাশ ঘটেছিল।
নিজ গ্রোত্রের কাছে ‘মাদিবা’ নামে পরিচিত ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে ২৭ বছর কারাগারে কাটিয়েছেন।
ম্যান্ডেলার নাতি এনডিলেকা বিবিসি’কে বলেন, “দক্ষিণ আফ্রিকার জনগণ ম্যান্ডেলার চিন্তাধারাকে মনে রেখেছে এবং এখনো তারা তার দেখানো পথে চলছে। কারণ তিনি শান্তির পক্ষে ছিলেন এবং সব সময় শান্তি ও পুনর্মিলনের পথ দেখিয়েছেন।”
আর্চবিশপ ডেজমন্ড টুটু বলেন, “ঈশ্বরকে ধন্যবাদ, তিনি (ম্যান্ডেলা) আমাদের সামনে বহু দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি আমাদের শিখিয়েছেন মানুষের জীবনের প্রকৃত মূল্য, সব মানুষের।”
এই মহান নেতার সমাধিস্থল কুনুতেও শ্রদ্ধা জানানো হয়।
