২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিসকো মোল্লা’র বিরুদ্ধে ধর্ম অবমাননার তদন্ত

মহানবী হযরত মুহাম্মদের (সা:) এক স্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য করার কারণে এক ধর্মপ্রচারকের বিরুদ্ধে ধর্ম অবমাননার তদন্ত শুরু করেছে পাকিস্তানের পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 08:50 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

এই ধর্মপ্রচারক একসময় পপতারকা ছিলেন বলে জানা গেছে। কয়েকটি বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা। করাচি শহরে মঙ্গলবার জুনায়েদ জামশেদের বিরুদ্ধে এ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সেরাজ নাজির।

তিনি বলেন, একটি ভিডিও প্রকাশিত হবার পর এর বিরুদ্ধে পাকিস্তানি সুন্নি তেহরিক পার্টি অভিযোগ দায়ের করে। পুলিশ এখন এ অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছে।

জুনায়েদ জামশেদ এক সময় পপতারকা ছিলেন বলে সাধারণের কাছে ‘ডিসকো মোল্লা’ নামেও পরিচিত।

প্রকাশিত ভিডিওতে নারীদের ‘দোষত্রুটি’ নিয়ে বোঝাতে গিয়ে জামশেদকে নবী মুহাম্মদের (স.) একজন স্ত্রী সম্পর্কে অমর্যাদাকর মন্তব্য করতে দেখা যায়।

করাচির আরেক পুলিশ কর্মকর্তা মেহমুদ আহমেদ বলেন, পাকিস্তানের দণ্ডবিধির সেকশন ২৯৮-এ এবং ২৯৫-সি’র আওতায় অভিযোগটি দায়ের করা হয়েছে।

জুনায়েদ জামশেদ চটজলদি একটি ভিডিও প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। ভিডিওতে তিনি বলেন, “আমি আমার দোষ স্বীকার করছি। আমি ইচ্ছাকৃতভাবে একাজ করিনি”।

তবে পাকিস্তান সুন্নি তেহরিক পার্টি বলছে, আদালতেই হতে হবে এর বিচার। পার্টির মুখপাত্র মবিন কাদরি বলেন, “জুনায়েদ জামশেদ নামক অভিশপ্ত ব্যক্তিকে আমরা অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।”

ধর্মপ্রচারক হওয়ার আগে পপ তারকা জামশেদের বেশকিছু গান ও অ্যালবাম পাকিস্তানে জনপ্রিয় হয়েছিল।

২০০১ সালে তিনি গানের জগৎ ছেড়ে ইসলাম ধর্মে জীবন উৎসর্গ করার ঘোষণা দেন। কট্টর ইসলামি দল তাবলিগি জামায়াতের সঙ্গে জামশেদের সাহচর্য রয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানের অত্যন্ত কঠোর ধর্ম অবমাননা আইনের আওতায় ইসলাম ধর্ম, নবী হযরত মুহাম্মদ ও ইসলাম ধর্ম সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে অমর্যাদাকর কোনো মন্তব্য প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে।

এমনকি ধর্ম অবমাননার অভিযোগ কারও বিরুদ্ধে উঠলে ওই ব্যক্তি বিপদে পড়তে পারেন। অভিযোগ ওঠা ব্যক্তিকে দল বেঁধে মেরে ফেলার ঘটনাও পাকিস্তানে ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তিকে আইনি সহায়তা দেওয়া আইনজীবীদেরও লক্ষে্য পরিণত হয়েছে।