সিরিয়ার সেনাঘাঁটিতে হামলা চালাচ্ছে আইএস
সিরিয়ার পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর সর্বশেষ একটি সেনাঘাঁটিতে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৯ সেনা ও মিলিশিয়া নিহত হয়েছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক দল এবং এক গণমাধ্যম কর্মী।
সিরিয়ার তেল উৎপাদনকারী দির আল-জোর প্রদেশে এ বছর ধীরে ধীরে অবস্থান সুসংহত করছে আল কায়েদা সংশ্লিষ্ট আইএস।
তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী স্থানীয় সামরিক বিমানঘাঁটিসহ কয়েকটি এলাকা দখল করেছে।
বুধবার রাত থেকে এ ঘাঁটিতে হামলা শুরু করেছে আইএস। ঘাঁটির কাছে সরকারি সেনা অবস্থানরত একটি ভবনে আত্মঘাতী গাড়ি বোমা হামলাও চালিয়েছে তারা। বিমান ঘাঁটিসহ সরকার নিয়ন্ত্রিত অন্যান্য এলাকাগুলোতে আইএস গোলা হামলা চালিয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
সংগঠনটি জানায়, হামলায় ১৯ সরকারি সেনা, মিলিশিয়াসহ ৭ আইএস যোদ্ধা নিহত হয়েছে। তাছাড়া, লড়াইয়ে আইএস যোদ্ধারা দুটো ট্যাংক এবং সাঁজোয়া যানসহ ভারী অস্ত্রশস্ত্র দখল করেছে।
তারা তিনদিক থেকে সেনাঘাঁটিতে আক্রমণ করেছে এবং দির আল জোরের সরকার নিয়ন্ত্রিত অন্যান্য অংশগুলোতেও হামলা শুরু করেছে।
