২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় প্রধানের পদ ছাড়ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট

স্থানীয় নির্বাচনে দলের ভরাডুবির পর তাইওয়ানের ক্ষমতাসীন দল দ্য কুওমিনতাং পার্টির (কেএমটি) প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মা ইং-জেওউ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 08:27 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

তবে দলীয় প্রধানের পদ ছাড়লেও তিনিই দেশটির প্রেসিডেন্ট থাকছেন। প্রেসিডেন্ট হিসেবে এটি তার দ্বিতীয় মেয়াদ যা ২০১৬ সালে শেষ হবে।

কেএমটি’র কেন্দ্রীয় পরিষদের সদস্য লি-কেং কুয়েই-ফং বলেন, “এখন কেএমটি’র সবচেয়ে খারাপ সময় চলছে।”বুধবার কেএমটি’র কেন্দ্রীয় পরিষদের সভায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র জমা দেবেন মা ইং।

রাজধানী তাইপের মেয়র পদসহ দেশজুড়ে জেলা পর্যায়ের নির্বাচনে কেএমটি প্রার্থীরা বেশিরভাগ আসনেই হেরে গেছে। গত ১৬ বছরের মধ্যে এই প্রথম রাজধানী তাইপের মেয়র পদ হারাল কেএমটি।

শনিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবারই নির্বাচনে দলের ভরাডুবির দায় নিজের কাঁধে তুলে নিয়ে কেএমটি নেতা জিয়াং ই-হুয়াহ তাইওয়ানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। এরপর কেএমটি’র দুই ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেন। সোমবার মা’র মন্ত্রিসভাও পদত্যাগ করে।

আনুষ্ঠানিকভাবে চীনের অংশ হলেও ১৯৪৯ সালের গৃহ যুদ্ধের পর তাইওয়ান স্বায়ত্ত্বশাসিত।

তবে ক্ষমতায় আসার পর থেকেই চীনাপন্থি দল কেএমটি চীনের সঙ্গে তাইওয়ানের বিরোধ মিটিয়ে ফেলার দিকেই বেশি নজর দিয়েছে এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা করেছে।

কেএমটির এই চীন প্রীতি ভালোভাবে নেয়নি দেশটির জনগণ। তারা চীন থেকে পূর্ণ স্বাধীনতা চাইছে। বিরোধী ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টিও (ডিপিপি) তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা চায়।

কেএমটির কেন্দ্রীয় পরিষদের তরুণ সদস্য আলফ্রেড লিন বলেন, “বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কেএমটি এর আমূল পরিবর্তন প্রয়োজন।”