হংকংয়ে বিক্ষোভকারীদের পিছু হটার আহ্বান অকুপাইয়ের
হংকংয়ে অকুপাই সেন্ট্রাল মুভমেন্ট এর প্রতিষ্ঠাতারা গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদেরকে সরকারি সদরদপ্তরের কাছের মূল বিক্ষোভস্থল থেকে পিছু হটার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন।
হংকং বিশ্ববিদ্যালয়ের আইন প্রফেসর বেনি তাই বিক্ষোভকারীদেরকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।ছাত্রনেতা জসুয়া ওং সমর্থকদেরকে নগরীর কেন্দ্রস্থলে পুনরায় সংগঠিত হওয়ার আহ্বান জানানোর কয়েকঘণ্টা পরই বিক্ষোভকারীদের ফিরে যাওয়ার ওই আহ্বান আসে।
ওদিকে, এক প্রেস কনফারেন্সে অকুপাই মুভমেন্টের সহপ্রতিষ্ঠাতা চীনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের প্রফেসর চ্যান কিন-ম্যান এবং রেভারেন্ড চু ইয়ু-মিং বলেছেন, তারা বিক্ষোভকারীদেরকে একেবারে বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানাচ্ছেন না। তবে পরিস্থিতিক বিপজ্জনক হয়ে দাঁড়ানোয় ছাত্রদেরকে সরে থাকার আহ্বান জানাচ্ছেন।
তাই বলেন, “আমরা দেখছি সামনের সারির পুলিশ কর্মকর্তারা বেপরোয়া হয়ে উঠেছেন।তারা বেপরোয়া হয়ে গেলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠবে। লোকজন মারাত্মকভাবে আহত হতে পারে”।
আরেক বিবৃতিতে অকুপাইয়ের তিন প্রতিষ্ঠাতাই বলেন, “অকুপাইয়ের নিরাপত্তা, শান্তির স্বার্থে আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত হয়েছি, আর এজন্য আমরা তিনজনই ছাত্রদেরকে পিছু হটার আহ্বান জানাচ্ছি”।
গত সোমবার হংকং সরকারের সদরদপ্তরের সামনে পুলিশের সঙ্গে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের সংঘর্ষের পর কয়েক হাজার বিক্ষোভকারী সদরদপ্তরটি সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য করে।
এ ঘটনার পর পুলিশ বিক্ষোভকারীদের ঘটনাস্থল ত্যাগ করার নির্দেশ দিলেও তারা তা অগ্রাহ্য করে। বিশিষ্ট এক ছাত্রনেতা জোসুয়া ওং সরকারের সঙ্গে নতুন করে আলোচনার দাবিতে অন্য আরো দুইজনকে সঙ্গে নিয়ে অনশনও শুরু করেন।
ওদিকে, হংকংয়ের নির্বাহী প্রধান লেয়ুঙও জানিয়ে দেন, পুলিশ দায়িত্ব পালনকালে কঠোর ব্যবস্থা নেবে। তিনি বলেন, পুলিশ এ পর্যন্ত ধৈর্য ধরে থাকলেও এখন সহ্যশক্তি সীমা ছাড়িয়ে যেতে থাকায় পুলিশ ‘কঠোর ব্যবস্থা’ নেবে।
