বিক্ষোভকারীদেরকে হংকং নেতার হুঁশিয়ারি
হংকংয়ে নতুন করে সংঘর্ষ হওয়ার পর গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদেরকে ফের রাস্তায় না নামার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন নেতা লেয়ুঙ চুন-ইং।
তিনি বলেন, পুলিশ এ পর্যন্ত ধৈর্য ধরে থাকলেও এখন ‘কঠোর ব্যবস্থা’ নেবে। সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে জানান তিনি।
সোমবার হংকং সরকারের সদরদপ্তরের সামনে পুলিশের সঙ্গে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের সংঘর্ষের পর কয়েক হাজার বিক্ষোভকারী সদরদপ্তরটি সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য করে।
এ ঘটনার পর পুলিশ বিক্ষোভকারীদের ঘটনাস্থল ত্যাগ করার নির্দেশ দিলেও তারা তা অগ্রাহ্য করে। বিশিষ্ট এক ছাত্রনেতা জোসুয়া ওং সরকারের সঙ্গে নতুন করে আলোচনার দাবিতে অন্য আরো দুইজনকে সঙ্গে নিয়ে অনশন শুরু করারও হুমকি দেন।
তিনি বলেন, “আজ আমাদের সামনে আর কোনো পথ খোলা না থাকায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি”।
ওদিকে, হংকংয়ের নির্বাহী প্রধান লেয়ুঙও জানিয়ে দেন, “পুলিশ এখন থেকে দায়িত্ব পালনকালে কঠোর ব্যবস্থা নেবে। যেসব ছাত্র ফের সংঘর্ষস্থলে জমায়েত হওয়ার কথা ভাবছে তাদেরকে আজ রাতে তা না করারই আহ্বান জানাচ্ছি”।
সাংবাদিকদের তিনি বলেন, “পুলিশের ধৈর্য ধারণ করে থাকাকে তাদের দুর্বলতা ভাবলে ভুল হবে”। পুলিশ বিক্ষোভস্থলগুলো থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেবে কিনা জিজ্ঞেস করা হলে লেয়ুঙ কোনো মন্তব্য করেননি।
