২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডে অভিবাসী হ্রাসের প্রস্তাব নাকচ

সুইজারল্যান্ডের ভোটাররা দেশটিতে অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার প্রস্তাবে মত দেয়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 09:31 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

বছরে দেশের মোট জনসংখ্যার ০ দশমিক ২ শতাংশের বেশি মানুষ অভিবাসী হিসেবে সুইজারল্যান্ডে প্রবেশ করতে পারবে না এমন এক প্রস্তাবের ওপর রোববার গণভোট অনুষ্ঠিত হয়।

এটা করতে হলে সরকারকে প্রতি বছর অভিবাসীর সংখ্যা ৮০ হাজার থেকে ১৬ হাজারে নামিয়ে আনতে হবে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানায়, ভোটের আংশিক ফলাফলে দেখা যাচ্ছে, ৭৪ শতাংশের বেশি ভোটার ‘না’ ভোট দিয়েছে।

অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার প্রস্তাবের পক্ষের লোকজনের যুক্তি, এর ফলে দেশের সম্পদের ওপর চাপ কমবে। আর বিরোধীদের যুক্তি, এটি দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

সুইজারল্যান্ডের ৮০ লাখ মানুষের প্রায় এক-চতুর্থাংশ বিদেশি। দেশটির সংবিধান অনুযায়ী, কোন বিষয়ের পক্ষে পর্যাপ্ত সাক্ষর সংগ্রহের মাধ্যমে নাগরিকরা সরকারকে গণভোট আয়োজনে বাধ্য করতে পারবে।

দেশটিতে ফেব্রুয়ারিতে অভিবাসী ‘কোটা’ ফের চালু করার লক্ষ্যে ভোট হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভূক্ত দেশগুলো নিজেদের জনগণ অবাধ চলাচলের বিষয়ে যে চুক্তি করেছে তা সুইজারল্যান্ডের অনেকের পছন্দ নয়। এ কারণেই ফেব্রুয়ারির ওই গণভোট অনুষ্ঠিত হয়। তবে ওই ভোটের ফল এখনো বাস্তবায়িত হয়নি।