২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর রাজকীয় খেতাব কেড়ে নেয়ার আদেশ থাই রাজকুমারের

তৃতীয় স্ত্রী ও তার পরিবারের রাজকীয় খেতাব ব্যবহারের অধিকার কেড়ে নিতে সরকারকে আদেশ দিয়েছেন থাইল্যান্ডের রাজপুত্র ভাজিরালংকর্ন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 03:04 PM

Updated : 25 Apr 2022, 05:02 PM

দুর্নীতির অভিযোগে স্ত্রী’র ঘনিষ্ঠ সাত আত্মীয় গ্রেপ্তার হওয়ার পর থাই রাজপুত্র এ আদেশ দেন বলে শনিবার জানিয়েছে বিবিসি।

২০০১ সালে ভাজিরালংকর্নের ও তৃতীয় স্ত্রী রাজকুমারি শ্রিরাসমি আক্রাপংপ্রিচা’র বিয়ে হয়।

রাজপুত্রের এ সিদ্ধান্ত রাজকীয় এ দম্পতির বিয়ে বিচ্ছেদের প্রথম পদক্ষেপ বলে থাইল্যান্ডজুড়ে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

দুজনে একসঙ্গে রাষ্ট্রিয় অনুষ্ঠানগুলোতে হাজির হওয়া অব্যাহত রাখলেও তারা আলাদাভাবে বসবাস করছেন বলে জানা গেছে।

রাজকুমারি শ্রিরাসমি’র পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও চাকরি থেকে বরখাস্তের ঘটনা গত দশদিন ধরে থাইল্যান্ডের গণমাধ্যমগুলোতে ব্যাপক প্রচারণা পেয়েছে।

রাজকুমারির চাচাকে, যিনি পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, চোরাচালান ও জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ জমা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার চার চাচাতো ভাইবোন ও আরো দুজন আত্মীয়কেও আটক করা হয়।

এই পরিস্থিতিতে যুবরাজ ভাজিরালংকর্নের দপ্তর থেকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তাদের বিয়ের পর শ্রিরাসমি ও তার পরিবার রাজকীয় খেতাব ব্যবহারের যে অধিকার পেয়েছিলেন তা কেড়ে নেয়ার আদেশ দেয়া হয়েছে।

থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজ এখন ৮৬ বছরের বৃদ্ধ, কিছু দিন ধরে তার শারীরিক অবস্থাও ভাল যাচ্ছে না। তার মৃত্যু হলে যুবরাজ ভাজিরালংকর্ন হবেন থাইল্যান্ডের পরবর্তী রাজা।

ভাজিরালংকর্ন রাজা হলে রাজকুমারি শ্রিরামসি থাইল্যান্ডের রাণী হতেন বলে ধারণা করা হতো।

এমন একটি নাটকীয় সময়ে রাজকুমারি শ্রিরাসমি তার রাজকীয় খেতাব হারাতে যাচ্ছেন।