চাকরি ছাড়লেন ফার্গুসনের সেই শ্বেতাঙ্গ পুলিশ
যুক্তরাষ্ট্রের ফার্গুসনে প্রায় চার মাস আগে যে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনের মৃত্যু হয়, সেই ড্যারেন উইলসন নিজেই চাকরি ছাড়লেন।
তার আইনজীবী নিল ব্রানট্র্যাগারকে উদ্ধৃত করে শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত অগাস্টে ওই গুলির ঘটনার পর থেকেই উইলসন প্রশাসনিক ছুটিতে ছিলেন।
বলা হচ্ছে, নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তবে পুলিশ বিভাগ বিষয়টি নিশ্চিত করেনি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গত ৯ অগাস্ট ১৮ বছর বয়সী ব্রাউন নিহত হওয়ার পর ফার্গুসন, মিজৌরিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। দুই মাস শুনানির পর যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি জানায়, ওই ঘটনার জন্য উইলসনের বিচার করার কোনো কারণ তারা দেখছে না।
গ্র্যান্ড জুরির ওই রায়ের পর তাৎক্ষণিকভাবে নতুন করে বিক্ষোভ শুরু হয় ফার্গুসনে। সহিংস প্রতিবাদকারীরা দোকানপাট ও যানবাহন ভাংচুর করে এবং একজন পুলিশ গুলিবিদ্ধ হন।
সেন্ট লুইসের পোস্ট ডিসপ্যাচ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী উইলসন চাকরিতে থাকলে আরো সহিংসতা হবে বলে পুলিশ বিভাগকে হুমকি দেওয়া হয়েছিল। ওই হুমকির পরই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন ছয় বছর ধরে পুলিশের চাকরি করে আসা এই শ্বেতাঙ্গ তরুণ।
পত্রিকাটি একটি চিঠিও প্রকাশ করেছে, উইলসনের পদত্যাগপত্র বলে পোস্ট ডিসপ্যাচ জানিয়েছে।
ওই পত্রে উইলসন লিখেছেন, “স্বাভাবিকভাবেই আমি পদত্যাগের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগে গ্র্যান্ড জুরির রায়ের অপেক্ষায় ছিলাম।
“আমি পুলিশ বিভাগে কাজ চালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু অন্য পুলিশ সদস্য ও কমিউনিটির নিরাপত্তার বিষয়টিও আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার পদত্যাগের মধ্য দিয়ে কমিউনিটিতে সংকটের নিরসন ঘটবে বলেই আমি আশা করি।”
